পাঁচ হাজার বস্তা চোরাই সারসহ কার্গো আটক
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সামনের একটি খাল থেকে পুলিশ মঙ্গলবার রাতে কার্গো বোঝাই সার আটক করেছে।স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন সার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্গোটিতে আড়াই শ টন (পাঁচ হাজার বস্তা) সার রয়েছে। উদ্ধার হওয়া সারের বাজারমূল্য ৫০ লাখ টাকা। স্বরূপকাঠি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান রায় বাদী হয়ে কার্গোর চালক ও খালাসিসহ চারজনের বিরুদ্ধে গতকাল বুধবার দুপুরে থানায় চোরাচালান আইনে মামলা করেছেন।ওসি জানান, মামলায় যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন, কার্গোর চালক মোস্তফা কামাল, খালাসি ওবায়েদুর রহমান, নাছির উদ্দিন ও রিয়াজ উদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান রায় বলেন, ‘সারগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল, এটা নিশ্চিত হওয়ার পর আমি তাঁদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করেছি।’