পাঁচ হাজার ভোটারের যত কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্রের ভোট নিয়ে আবার সরগরম হয়ে উঠেছে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া। এ দুই কেন্দ্রের পাঁচ হাজার ২০৭ ভোটারের কদর এখন বেশ। তাঁদের দলে ভেড়াতে টাকা ছাড়ানোরও অভিযোগ রয়েছে।
দুই কেন্দ্রে পুনরায় নির্বাচন ৯ এপ্রিল। কেন্দ্র দুটি হচ্ছে উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোলযোগের কারণে কেন্দ্র দুটিতে ভোট স্থগিত করা হয়।
অন্যদিকে চারটি কেন্দ্রের প্রায় দেড় হাজার ভোটার নতুন করে ভোট দেওয়ার সুযোগ চেয়ে এলাকায় আন্দোলন করছেন। তাঁদের দাবি, ২৩ মার্চের নির্বাচনে ভোটকেন্দ্র দখল আর ব্যালট ছিনতাইয়ের কারণে তাঁরা ভোট দিতে পারেননি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার মোট ৩৬টি কেন্দ্রের মধ্যে ৩৪টিতে বিএনপির একক প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ১৫ হাজার ৯৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আ স ম শাররিয়ার চৌধুরী (আনারস) পেয়েছেন ১৩ হাজার ৪৩৪ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান দুই হাজার ৪৯৯। স্থগিত দুটি কেন্দ্রের মধ্যে উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ১১১ ও পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৯৬ ভোট। অনুসন্ধানে জানা গেছে, তেলিয়াকাটা কেন্দ্রে শাররিয়ার চৌধুরী ও অন্য কেন্দ্রে এটিএম নুরুল বশর চৌধুরীর সমর্থক বেশি। তবে টাকা খরচ করে ভোট ভাগিয়ে আনার চেষ্টাও চলছে সমানে।
এদিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের চারটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবিতে গত ২৫ মার্চ দুপুরে সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন ভোটাররা। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রশীদের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবরে স্মারকলিপি দেন তাঁরা। আগের দিন স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করা হয়। একই দাবিতে জামায়াত প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরীও লিখিত আবেদন করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মমিনুর রশীদ বলেন, গত ২৭ মার্চ ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশরাফুর রহমান দেশের বিভিন্ন স্থানে স্থগিত ১০টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে কুতুবদিয়ার স্থগিত দুটি কেন্দ্রের ভোট ৯ এপ্রিল।
জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মেহেরুন্নেছা (ফুটবল) ২০ হাজার ৬৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা আরা বেগম (প্রজাপতি) পেয়েছেন ১১ হাজার ১৫৬ ভোট। এ ক্ষেত্রে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। ৯ এপ্রিল ভোট গ্রহণ হবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে।
পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হুমায়ুন কবির হায়দার (তালা) পেয়েছেন ১৫ হাজার ৫৭৪, জিয়াউল করিম (চশমা) ১৪ হাজার ৩৮৩, রমিজ আহমদ (টিউবওয়েল) ১০ হাজার ৩৭০, কফিল উদ্দিন (টিয়াপাখি) পাঁচ হাজার ৪৯১ ও আকবর খান (উড়োজাহাজ) পেয়েছেন দুই হাজার ৫১৪ ভোট।