পাঁচ হাজার মানুষ দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সরকারের এই দুই সংস্থার সমন্বয়হীনতার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিন গ্রামের পাঁচ হাজার মানুষের যোগাযোগের একমাত্র সড়কে সেতু নির্মাণ করা যাচ্ছে না। ফলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের বড় নয়াগাঁও, ছোট নয়াগাঁও ও দুধঘাটা গ্রামের ওপর দিয়ে বিগত বিএনপি সরকারের আমলে ৫০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি একটি পাকা সড়ক নির্মাণ করে। পাকা সড়ক নির্মাণ করার পর থেকে স্থানীয় লোকজন বড় নয়াগাঁও গ্রামের খালের ওপর একটি সেতু নির্মাণের জন্য বিভিন্ন সময়ে সওজ ও এলজিইডির সদর দপ্তর এবং স্থানীয় সাংসদের কাছে আবেদন করে আসছে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এ খালটির জায়গা সওজের অধিগ্রহণ করা সম্পত্তি হওয়ার কারণে সওজ কর্তৃপক্ষ এলজিইডিকে তাদের সম্পত্তির ওপর সেতু নির্মাণ করতে বাধা দিচ্ছে। অন্যদিকে খালের পরের সড়কটি এলজিইডির অধীনে হওয়ার কারণে সওজ এ সড়কে সেতু নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। সরকারের এ দুটি সংস্থার সমন্বয়হীনতার কারণে এ সড়কের খালের ওপর সেতু নির্মাণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল হালিম জানান, আধা কোটি টাকা খরচ করে সড়ক নির্মাণ করেও ছোট একটি সেতুর জন্য সড়কটি কোনো কাজে আসছে না। এলাকাবাসীদের বছরের পর বছর বাঁশের তৈরি সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে।নয়াগাঁও গ্রামের বাসিন্দা আবদুল হক জানান, সড়ক হয়েছে অথচ সেতু হচ্ছে না। এ সড়ক গ্রামবাসীদের কাজে আসছে না। কারণ, কোনো যানবাহন নিয়ে গ্রামে যাওয়া যায় না। বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও মানুষ চলাচল করে সাঁকো থেকে পড়ে গিয়ে গত এক বছরে ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে।সাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. রেজাউল করিম বলেন, ‘আমি ক্ষমতায় থাকাকালীন গ্রামবাসীদের যোগাযোগ-ব্যবস্থা সহজ করার জন্য ৫০ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকা করেছিলাম, কিন্তু সওজের বাধার কারণে সেতুটির কাজ করতে পারিনি।’বর্তমান সাংসদ আবদুল্লাহ আল কায়সার জানান, ‘সেতু নির্মাণ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, সব জটিলতার অবসান ঘটিয়ে সেতু নির্মাণ করতে পারব।’উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মইনুল হোসেন জানান, নির্মাণের স্থানটি সওজের অধিগ্রহণ করা (ভূমি), তাই সওজ সম্পত্তি দিলেই এখানে সেতু নির্মাণ করা সম্ভব হবে।