ভোলার লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পাঁচ হাজার মানুষের বসবাস। তাঁরা নিয়মিত পৌরকরও পরিশোধ করেন। কিন্তু পৌরসভার বাসিন্দা হিসেবে যেসব সুবিধা পাওয়ার কথা, তা তাঁরা পান না। একটি খাল তাঁদের পৌর শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এর ওপর সেতু না থাকায় তাঁরা দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, অবস্থান পৌরসভার এলাকার মধ্যে হলেও ৫ নম্বর ওয়ার্ডে ঢোকার জন্য কোনো রাস্তা বা সড়ক নেই। ডিঙি নৌকায় লালমোহন লঞ্চঘাট-সংলগ্ন খাল পার হয়ে কিংবা তিন মাইল ঘুরে পাশের ফরাশগঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে পৌর শহরে যেতে হচ্ছে। এলাকাবাসী একাধিকবার স্থানীয় সাংসদ ও পৌরসভার মেয়রের কাছে সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। লালমোহন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি আনোয়ার রাব্বী জানান, সরকার দেশের বিভিন্ন স্থানে বাড়ির সামনে সেতু তৈরি করে রেখেছে। কিন্তু হাজার হাজার মানুষ যেখানে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে, সেখানে সেতু করছে না। এলাকাবাসী জানান, এ ব্যাপারে ওই এলাকার শত শত মানুষ গণস্বাক্ষর দিয়ে ‘একটিমাত্র সেতু চাই’ দাবিতে একটি আবেদন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে দিয়েছেন। উপজেলা প্রকৌশলী তৈয়বুল হামিদ চৌধুরী বলেন, লঞ্চঘাট-সংলগ্ন খালের ওপর সেতু নির্মাণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। শিগগিরই সেতুটির নকশা তৈরির জন্য একটি প্রতিনিধদল সরেজমিনে আসবে। ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী বলেন, সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জোর তদবির চলছে।