পাঁচ হাজার মানুষের প্রাণহানি সাড়ে ১৩ বছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় সাড়ে ১৩ বছরে দেশে লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ। এর মধ্যে শুধু এমভি নাসরীন-১ দুর্ঘটনায় ৩৬ শিশুসহ আট শতাধিক মানুষ প্রাণ হারায়। ২০০৩ সালের ৮ জুলাই রাতে চাঁদপুরে মেঘনার মোহনায় ঘূর্ণিতে পড়ে দুর্ঘটনাকবলিত হয়েছিল ধারণক্ষমতার প্রায় তিন গুণ যাত্রী (তিন হাজার) নিয়ে চলা ওই লঞ্চ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন লঞ্চ দুর্ঘটনার পর পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাণহানির এই হিসাব পাওয়া যায়।
এই হিসাব অনুযায়ী, ২০০০ সালে লঞ্চ দুর্ঘটনায় মারা যায় ৪৩৯ জন যাত্রী। এর মধ্যে ওই বছরের ২৯ ডিসেম্বর পবিত্র ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলবে এমভি জলকপোত ও এমভি রাজহংসীর মধ্যে সংঘর্ষে মারা যায় ৩০২ জন যাত্রী।
২০০১ সালে ৭৬টি দুর্ঘটনায় মারা যায় ৩৯২ জন৷ ২০০২ সালে ২৮টি দুর্ঘটনায় মারা যায় ৬২৬ জন। এর মধ্যে ওই বছরের মে মাসে এমভি সালাউদ্দিন-২ ও এমভি সুবাহ দুর্ঘটনায় প্রাণহানি হয় প্রায় ৪০০ জনের।
২০০৩ সালে ৬৪টি দুর্ঘটনায় মারা যায় এক হাজার ২০৫ জন। এর মধ্যে ওই বছরের ৮ জুলাই এমভি নাসরীন দুর্ঘটনায় মারা যায় আট শতাধিক যাত্রী৷ ২০০৪ সালে ৫৬টি দুর্ঘটনায় মারা যায় ৪৮৭ জন। এর মধ্যে পাগলায় বুড়িগঙ্গা নদীতে এমভি মিতালী ডুবে গেলে চার শতাধিক যাত্রী, একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমএল মজলিসপুর ডুবে মারা যায় প্রায় ৯০ জন।
২০০৫ সালে ৪৯টি দুর্ঘটনায় ১৭৬ জন মারা যায়, এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি এমভি মহারাজ দুর্ঘটনায় মারা যায় ১৫০ জন৷ ২০০৬ সালে ৩৮টি দুর্ঘটনায় ৭৮ জন, ২০০৭ সালে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন, ২০০৮ সালে ৩১টি দুর্ঘটনায় ৩০১ জন মারা যায়৷ এর মধ্যে ২০০৮ সালের ২৮ এপ্রিল এমভি সৌরভ দুর্ঘটনায় ৫০ জন এবং ২৩ মে চাঁদপুরে এমভি লাইটিং সান দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রী প্রাণ হারায়৷
২০০৯ সালে ২৯টি দুর্ঘটনায় ৩০৯ জন এবং ২০১০ সালে ৩৮টি দুর্ঘটনায় ৬৭ জন মারা যায়। ২০১১ সালে ৩৫ দুর্ঘটনায় মারা যায় ১৫৬ জন। এর মধ্যে ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমভি বিপাশা ডুবে মারা যায় অর্ধশতাধিক যাত্রী।
২০১২ সালের মার্চে মেঘনায় এমভি শরীয়তপুর-১ ডুবে মারা যায় শতাধিক মানুষ। ওই বছর এবং গত বছর ছোট-বড় বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় প্রায় ৪৫০ জন।
পরিসংখ্যান কীভাবে: ১৯৭৬ সালে সমুদ্র পরিবহন অধিদপ্তরের অধীনে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ (আইএসও) প্রণীত হয়। ওই সময় থেকে নৌ-দুর্ঘটনার বিষয়ে হিসাব রাখার ব্যবস্থা হয়। অধিদপ্তর তখন থেকে ‘জেনারেল শিপিং স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’ নামের বই প্রকাশ করে। এ পর্যন্ত মোট ২২টি পরিসংখ্যান বই বের হয়েছে।