পাঁচ হাজার মার্কিন ডলারের ভুয়া বার্তাটির উৎস সিয়েরা লিওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ হাজার মার্কিন ডলার দেওয়ার লোভ দেখিয়ে দেশের বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে পাঠানো ভুয়া খুদে বার্তাটি আসছে যুক্তরাজ্যের একটি কল সেন্টার থেকে। তবে সংস্থাটির মূল সার্ভার সিয়েরা লিওনে। সেখান থেকেই সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ শাখা এ তথ্য জানিয়ে বলেছে, ওই সব নম্বরে ফিরতি ফোন করার ব্যবস্থা (কল ব্লক) বন্ধ করে দেওয়া হয়েছে।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি বিশেষ ধরনের ‘টেলিকম জালিয়াতি’। লাখ লাখ ফোনে এ ধরনের বার্তা এসেছে। এর বিনিময়ে ইতিমধ্যে সংস্থাটি বিপুল পরিমাণ কমিশনও হাতিয়ে নিয়েছে। প্রচলিত নিয়মে বিদেশে ফোন করার পর ফোনের মাশুল বিভিন্ন সংস্থার মধ্যে ভাগ হয়ে যায়। সিয়েরা লিওনের এ সংস্থাটিও এভাবে ফোনের একটা মাশুল পেয়ে থাকে। আর মাশুলের নামে টাকা কামাতেই তারা এ প্রতারণার ফাঁদ পেতেছে। বিটিআরসি সূত্র জানায়, কেউ যাতে আর ওই নম্বরে ফিরতি ফোন করতে না পারে, সে জন্য সব কল ব্লক করা হয়েছে। একাধিক ফোন ব্যবহারকারী অভিযোগ করেন, ‘আপনি পাঁচ হাজার ডলার পেয়েছেন। একটি নম্বরে ফোন করলেই টাকাটা পেয়ে যাবেন।’ চার-পাঁচ দিন ধরে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, এয়ারটেল ও টেলিটকের সংযোগ ব্যবহারকারীদের অনেকের কাছে এ রকম ভুয়া খুদে বার্তা (এসএমএস) এসেছে। কিছু বার্তায় প্রেরক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সংক্ষিপ্ত রূপ ‘নহমফংযইধহশ’ উল্লেখ করা হচ্ছে। বার্তায় বলা হচ্ছে, এ পরিমাণ অর্থ পেতে মুঠোফোনের মালিক যেন ০০২৩২২২২৯১০৯১ নম্বরে দ্রুত ফোন করেন।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, এ বিষয়ে জানতে তাঁরা বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট মোবাইল ফোন কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে গোয়েন্দারা নিশ্চিত হন, এসব নম্বর একটি কল সেন্টারের। এর একটি সিরিজ নম্বর আছে। সিরিজের সব ফোন থেকেই খুদে বার্তা পাঠানো হয়েছে। এসব নম্বর রোমিং নম্বর হিসেবে বাংলাদেশে অনুমোদিত নয়। তবে নম্বরটি সিয়েরা লিওনে বিশেষ ধরনের নম্বর হিসেবে নিবন্ধিত। টেলিকম বিশেষজ্ঞরা জানান, এ নম্বরটি অনেকটা ভিওআইপির মতো। এ নম্বরে কেউ ফোন করলে ওই প্রতিষ্ঠান কলের বিপরীতে একটি কমিশন পেয়ে যায়। এ কমিশনই তাদের লাভ। এ কারণে ভুয়া সংস্থাটি তাদের নম্বরে ফোন করার জন্য আহ্বান জানাচ্ছে।