পাবনার বেড়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে বেড়া থানায় তিনটি মামলা হয়েছে। এতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচ হাজার লোককে আসামি করা হয়েছে। তিনটি মামলারই বাদী পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন।এদিকে বেড়া উপজেলায় বিএনপির ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতাল হাটুরিয়া বাজার ছাড়া কোথাও পালিত হয়নি। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজ উদ্দিন বলেন, ‘হরতাল সফল ও শান্তিপূর্ণ হয়েছে। এ জন্য জনগণকে অভিনন্দন জানাই।’বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। বাকি দুটি হয়েছে পুলিশের ওপর হামলা ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে। ওসি জানান, মামলাগুলোতে যে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে নয়জনকে ঘটনার দিন (মঙ্গলবার) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নূর মোহাম্মদ (৬০), ঈমান আলী (২৪), বিপুল (২৬), বাবু (২৫), রেজাউল (৪২), সোলেমান (৩৫), নূরুন্নবী (২২), আফজাল (২২) ও সাইদুল (৩২)। তাঁদের সবার বাড়ি হাটুরিয়া গ্রামে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁদের আদালতে পাঠিয়েছে।আসামিদের মধ্যে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান চাঁদ প্রামাণিকও রয়েছেন বলে ওসি স্বীকার করেছেন। তবে তদন্তের স্বার্থে তিনি বাকি আসামিদের নাম উল্লেখ করেননি। ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশ কাউকে অহেতুক হয়রানি করবে না। এদিকে সংঘর্ষের ঘটনায় আটক প্রিসাইডিং কর্মকর্তাকে বুধবার বিকেলে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ওসি জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে যেতে দেওয়া হয়েছে। জানা যায়, গ্রেপ্তারের আতঙ্কে হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রাম অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে। হাটুরিয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধ বলেন, ‘যুবক বয়সের বেশির ভাগ লোকই অন্য এলাকায় চইল্যা গ্যাছে। দিনের বেলায় বাড়ির কাজকাম করার জন্যে কেউ কেউ বাড়ি আলিউ রাইতে কেউই বাড়িত থাকত্যাছে না।’উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘অসৎ উদ্দেশ্যে এলাকার বিপুলসংখ্যক লোকের নামে মামলা করা হয়েছে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে পুলিশ নিরীহ গ্রামবাসী, বিশেষ করে বিএনপির কর্মীদের গ্রেপ্তার করছে ও দাবড়ে বেড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’মঙ্গলবার রাতে বেড়া উপজেলার ইউপি নির্বাচনে হাটুরিয়া-জগন্নাথপুর দুগ্ধ সমবায় সমিতি কেন্দ্রের ফল প্রকাশে বিলম্ব হওয়ার ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়।