নেত্রকোনা সরকারি কলেজে শিক্ষক-সংকট দেখা দিয়েছে। তবে এখানে ইংরেজি ও রসায়নে শিক্ষক-সংকট প্রকট। ইংরেজি বিষয়ের ক্লাস করতে হয় কলেজের পাঁচ হাজার শিক্ষার্থীকে। কিন্তু এখানে ওই বিষয়ের শিক্ষক মাত্র দুজন। আর রসায়নের শহাস্রাধিক শিক্ষার্থীর জন্য শিক্ষক একজন। ফলে এই দুই বিষয়ের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংকট রয়েছে ব্যবস্থাপনা বিভাগেও।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮১ সালে এটি সরকারি করা হয়। ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষ থেকে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। পরে ইংরেজি, ইতিহাস, অর্থনীতি ও রসায়ন, ব্যবস্থাপনাসহ ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স ও ১০টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়। বর্তমানে কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৩ হাজারের মতো। কলেজে অনুমোদিত শিক্ষকের পদ মাত্র ৬৮টি। এর মধ্যে ১৫টি পদ শূন্য রয়েছে।
কলেজ সূত্রে আরও জানা গেছে, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালুর দেড় যুগের বেশি সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। নিয়ম অনুযায়ী সম্মানের প্রতিটি বিভাগে সাতজন এবং স্নাতকোত্তরে ১২ জন করে শিক্ষক থাকার কথা। সে অনুযায়ী কলেজে ১৪৮টি পদে শিক্ষক থাকার কথা। কিন্তু বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাড়া আর কোনো বিভাগেই সম্মান কোর্সের জন্য সাতটি পদ সৃষ্টি করা হয়নি। আর স্নাতকোত্তর শ্রেণির কোনো বিভাগেই এখন পর্যন্ত ১২টি করে পদ সৃষ্টি সম্ভব হয়নি। বেশির ভাগ বিভাগেই চারটি করে শিক্ষকের পদ রয়েছে। বাংলা, ইংরেজি, অর্থনীতি, দর্শন, ব্যবস্থাপনা ও পদার্থবিজ্ঞানের একজন করে প্রভাষকের পদ শূন্য। এ ছাড়া রসায়ন বিভাগে মাত্র একজন সহকারী অধ্যাপক কর্মরত।
কলেজ সূত্রে জানা গেছে, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, পদার্থ ও রসায়ন বিজ্ঞান এই চারটি বিভাগের প্রতিটিতেই প্রদর্শকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এই কলেজে উচ্চমাধ্যমিক, বিএ (পাস) ও স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে সবার জন্য ইংরেজি বাধ্যতামূলক। এ ছাড়া স্নাতক (সম্মান) কোর্সের তিনটি বর্ষে ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন ৩৭৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ইংরেজি পড়তে হয়। কিন্তু এঁদের জন্য মাত্র দুজন শিক্ষক আছেন।
একাদশ শ্রেণির শিক্ষার্থী শিমলা আক্তার জানায়, শিক্ষক না থাকার কারণে নিয়মিত বিজ্ঞান ও ইংরেজির ক্লাস হচ্ছে না। ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিটন মিয়া বলেন, ‘বিভাগে মাত্র তিনজন শিক্ষক আছেন। পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হচ্ছে না।’ ইংরেজি সম্মান তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর অভিভাবক সঞ্জয় সরকার জানান, শিক্ষক না থাকার কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না। তবে ওই দুই শিক্ষক খুব আন্তরিক।
ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুহাম্মদ রবিউল আলম বলেন, ‘প্রায় পাঁচ হাজারের মতো ইংরেজি বিষয়ের শিক্ষার্থীর জন্য বর্তমানে আমরা দুজন শিক্ষক। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। বাইরে থেকে ভালো অতিথি শিক্ষকও পাওয়া যাচ্ছে না।’
রসায়ন বিভাগের দায়িত্ব থাকা একমাত্র সহকারী অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘উচ্চমাধ্যমিক, বিএসসি ও স্নাতক (সম্মান) মিলিয়ে এক হাজারের বেশি শিক্ষার্থীকে পাঠদান ও অফিসের কাজ সব একা আমাকেই করতে হচ্ছে। এতে রীতিমতো হিমশিম খাচ্ছি।’
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ গত বুধবার বিকেলে বলেন, ‘বর্তমানে দুজন ইংরেজি শিক্ষক প্রায় পাঁচ হাজার এবং রসায়নে একজন শিক্ষক এক হাজারের মতো শিক্ষার্থীকে পড়াচ্ছেন। আমি শিক্ষক-সংকটের বিষয় প্রতি মাসে দুবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রতিবেদন পাঠাচ্ছি। কিন্তু এতে কোনো প্রতিকার মিলছে না।’