পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার পাঁচ শতাধিক চালকল বন্ধ হয়ে গেছে। এতে এসব চালকলে কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। ভারত থেকে চাল আমদানি, বাজারে ধানের দাম কমে যাওয়া এবং হরতাল-অবরোধের প্রভাবে চালকলগুলো বন্ধ হয়ে গেছে।
এ অবস্থায় স্থানীয় চালকল মালিকেরা সরকারের কাছে ভারত থেকে চাল আমদানি বন্ধ করার দাবি জানিয়েছেন।
বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে মার্চ পর্যন্ত শুধু তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৫৫ হাজার ৫৮২ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল কাদের জানান, জেলার সব চালকল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় পাঁচ হাজার নারী ও পুরুষ শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. আজিজুল হাসান জানান, আগে ভারত থেকে চাল আমদানি না করায় স্থানীয় হাটবাজারে দেশি চালের চাহিদা ছিল। ফলে চালকলগুলোও সচল ছিল। বর্তমানে এলসির মাধ্যমে ভারত থেকে আমদানি করায় ভারতীয় চালে সয়লাব জেলার সব হাটবাজার। বর্তমানে বিভিন্ন চালকল গুদামে এবং কৃষক ও ব্যবসায়ীদের কাছেও গত মৌসুমের প্রচুর ধান-চাল রয়েছে। এর মারাত্মক প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বর্তমানে ৪০ কেজি ওজনের প্রতি বস্তা আমন ধানের দাম ৮০০ টাকা থেকে কমে ৬০০ টাকায় নেমে এসেছে। এভাবে লোকসানের বোঝা বইতে না পেরে একের পর এক সব চালকল বন্ধ হয়ে গেছে।
চালকল মালিকেরা জানান, শুধু চাল আমদানির কারণে চালকল মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দেশি চালের বাজারের এ মন্দাভাব কাটাতে সরকারকে অবিলম্বে ভারত থেকে চাল আমদানি বন্ধ করার উদ্যোগ নিতে হবে।