পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে চলাচলকারী প্রায় পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত ফি (নবায়ন, ট্যাক্স, ফিটনেস ইত্যাদি) জমা দিয়েও রাস্তায় চলাচলের অনুমতি পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বছরের ৩১ ডিসেম্বর এসব অটোরিকশার চলাচলের উপযোগিতা (ইকোনমি লাইফ) শেষ হলেও সরকার তা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ইতিমধ্যে মালিকপক্ষের একটি অংশ উচ্চ আদালতে রিটের মাধ্যমে এর কার্যকারিতার ওপর ছয় মাসের স্থগিতাদেশ জারি করান।

বিআরটিএ সূত্রে জানা যায়, স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে চলতি বছরের ২৭ এপ্রিল। গত বছরের ২৭ অক্টোবর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত বছরের ২৪ ডিসেম্বর জারি করা সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাগজপত্র হালনাগাদ সাপেক্ষে ৩১-১২-২০১৩ তারিখ মেয়াদোত্তীর্ণ সিএনজিচালিত অটোরিকশা ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আগামী ৩১-১২-২০১৪ পর্যন্ত চলাচল করতে পারবে। এসব অটোরিকশার রোড পারমিট আগামী ৩১-১২-২০১৪ পর্যন্ত নবায়ন করা যাবে।

ভুক্তভোগী অটোরিকশার মালিকদের অভিযোগ, বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তার পরামর্শে তাঁরা ব্যাংকে ফি জমা দিয়ে আসার পরে আদালতের নিষেধাজ্ঞার কারণে রোড পারমিট দেওয়া যাবে না বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তায় চলাচলের কোনো বিকল্প না পেয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছেন।

সিএনজিচালিত অটোরিকশার মালিক ও সমিতির সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরে মেয়াদ পেরিয়ে যাওয়া অটোরিকশার সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে কারও কারও জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে অটোরিকশা।

নাম প্রকাশ না করার শর্তে নগরের হালিশহর এলাকার অটোরিকশার মালিক জানান, তাঁর স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি টাকাপয়সা জোগাড় করে দুটি অটোরিকশা কিনেছেন। এগুলোর আয় থেকে তাঁর স্বামীর চিকিৎসা ও ছেলেমেয়ের পড়াশোনা চলছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ফি জমা দিয়ে বিআরটিএ কার্যালয়ে যোগাযোগ করার পর তাঁকে বলা হয়, রোড পারমিট দেওয়া যাবে না।

প্রায় একই অভিযোগ করেন পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকার আরেক অটোরিকশার মালিক মো. মিনহাজ। রোড পারমিট না থাকায় ট্রাফিক পুলিশের মামলা জড়িয়ে এ পর্যন্ত ১১ হাজার টাকা গচ্চা দেওয়ার অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো, জামাল উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব মালিকের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমরা রিট চলাকালে রাস্তায় চলাচলের জন্য নীল স্লিপ দিচ্ছি। এটা থাকলে কেউ তাঁদের হয়রানি করতে পারবে না। রিটের মেয়াদ শেষ হলে রোড পারমিট দেওয়া হবে।’ গতকাল বুধবার পর্যন্ত ২০০ স্লিপ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেন, ‘এসব অটোরিকশা রাস্তায় চলাচলের মেয়াদ আছে কি না, তা বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করে নির্ধারণ করতে হবে। মুখের কথায় আমরা বিশ্বাস করব না। এগুলো রাস্তায় চলতে দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।’