পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের হালতি বিলে জলাবদ্ধতার কারণে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে চলতি মৌসুমে বোরো চাষ করা যাচ্ছে না। নলডাঙ্গা উপজেলায় হালতি বিলের খোলাবাড়িয়া গ্রামে জিয়াখালের প্রবেশমুখ ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
হালতি বিল এলাকার ৮-১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে এখানকার ভুক্তভোগী কৃষকেরা সোচ্চার হয়ে উঠেছেন। সোমবার এলাকার কয়েক শ বিক্ষুব্ধ কৃষক নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহানের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা ইউএনওর কাছে খাল দখলমুক্তসহ জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কৃষকেরা ফিরে যান। গত মঙ্গলবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করে খাল থেকে ভরাট মাটি অপসারণের নির্দেশ দেন। এ সময় মাধনগর, খাজুরা ও পিপরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও শারমিন আক্তার জাহান বলেন, ‘দখলদারদের খাল দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা নিজেরা মাটি অপসারণ করে না নিলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মাধনগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, হালতি বিল মূলত নাটোরের শস্যভান্ডার হিসেবে পরিচিত। এ বিলে একটিমাত্র ফসল বোরো ধান ভালো হয়। অথচ জলাবদ্ধতার কারণে চাষিরা বোরো ধানের চাষ করতে পারছেন না। হালতি বিলের বন্যার পানি যথাসময়ে অপসারণ এবং চাষ মৌসুমের জন্য প্রয়োজনীয় পানি সংরক্ষণ করতে আশির দশকে এ বিলের মধ্য দিয়ে পানাউল্লাহখাল এবং জিয়াখাল খনন করা হয়। নব্বইয়ের দশকে জিয়াখাল পুনঃখনন কাজ করা হয়। কিন্তু স্থানীয় দখলদারেরা এসব খালের উৎসমুখ ভরাট করে পুকুর বানিয়ে মাছ চাষ করছেন। ফলে এসব খালে আর পানিপ্রবাহ নেই।
সোনাপাতিল গ্রামের কৃষক মহসিন আলী জানান, জলাবদ্ধতার কারণে তাঁর নয় বিঘা জমি এখনো পানির নিচে। এতে তিনি বোরো চাষ করতে পারছেন না। অথচ বোরো চাষের সময় পার হয়ে যাচ্ছে। একই ধরনের কথা জানান বাঁশিলা গ্রামের আমান উল্লাহ, সোনাপাতিল গ্রামের আবদুর রহমান, তেঘড়িয়া গ্রামের সামসুল ইসলামসহ ১৫-১৬ জন কৃষক।
নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, ‘হালতি বিলের দক্ষিণ-পশ্চিমাংশে প্রায় পাঁচ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে আছে। আমরা পানি দ্রুত বের করে দেওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু বিলের খালগুলোর ভাটির অংশ অন্য উপজেলার মধ্যে রয়েছে। তাই ওই সব উপজেলার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।’
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দায়িত্বরত কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, খোঁজ নিয়ে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন।
জেলা প্রশাসক মশিউর রহমান বলেন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।