পাঁচ হাজার হেক্টর জমির ধানখেত পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পাঁচ হাজার হেক্টর জমির ধানখেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। প্রকল্প কর্তৃপক্ষ পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়ায় এসব খেতের ধানগাছ পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মোট আবাদি জমির পরিমাণ ১৩ হাজার হেক্টর। চলতি মৌসুমে প্রকল্পের ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধানের চারা লাগানো হয়। রোপা আউশ লাগানো হয় চার হাজার হেক্টর জমিতে। গত কয়েক দিনে ক্রমাগত বৃষ্টির কারণে অন্তত দুই হাজার হেক্টর জমির আউশ ও তিন হাজার হেক্টর জমির আমন ধানখেত পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ৪০ হেক্টর জমিতে করা আমনের বীজতলাও তলিয়ে গেছে।

গত সোমবার দক্ষিণ ও উত্তর ফতেপুর, ঠেটালিয়া, সিপাইকান্দি, আমুয়াকান্দা, সুজাতপুর, চরপাথালিয়া, বড় ও ছোট হলদিয়া, গজরা, লুধুয়া ও ফরাজীকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, প্রকল্পের অধিকাংশ ধানখেতেই এক থেকে দেড় ফুটের জলাবদ্ধতা। অল্প কিছু ধানগাছ ভেসে আছে। পচতে শুরু করেছে কিছু জমির ধানগাছ। দক্ষিণ ফতেপুর এলাকার ওয়াদুদ প্রধান বলেন, ‘আমার জমিনের আউশ-আমন ধানগাছ এহন পানির নিচে। পানি সরানোর জন্য হেগো (সেচ প্রকল্প কর্তৃপক্ষকে) বইল্লাও কাম অইতাছে না। তাড়াতাড়ি পানি না সরাইলে সব ধানগাছই মইরা যাইব। এক ফোঁডা ধানও পামু না।’

প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন বলেন, অনেক এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা সেচখাল ভরাট করে বাড়ি বানিয়েছে। এ জন্য স্থানে স্থানে পানি আটকে থাকে। ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোটা প্রকল্পেই স্থায়ী জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল কাইয়ুম মজুমদার বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রকল্পের অন্তত দুই হাজার হেক্টর জমির আউশ ও তিন হাজার হেক্টর জমির আমন ধানের গাছ পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ৪০ হেক্টর জমিতে আমনের বীজতলাও পানিতে ডুবে গেছে। দুই সপ্তাহ ধরে এসব ধানগাছ ও ধানের চারা পানিতে তলিয়ে আছে। ওই পানি সরাতে সেচ প্রকল্পের কর্তৃপক্ষকে বলা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে থাকা চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, কালিপুর ও গাজীপুরে স্থাপিত দুটি পাম্প হাউস পানি নিষ্কাশন করছে। তবে ঘন ঘন লোডশেডিং থাকায় সার্বক্ষণিক পাম্প চালানো যাচ্ছে না। এ ছাড়া যেসব স্থানে যাঁরা অবৈধভাবে সেচখাল ভরাট করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।