পাঁচ হাজার ৬৯৬ গাছ কাটার অনুমোদন দিল মন্ত্রিসভা
মন্ত্রিসভা ‘জাতীয় জীবপ্রযুক্তি নীতি ২০১২’-এর খসড়া অনুমোদন দিয়েছে। জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাকৃতিক বনের পাঁচ হাজার ৬৯৬টি গাছ কাটারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।গতকাল বুধবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিনটি মন্ত্রণালয়ের পৃথক বিদেশ সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বর্তমান সময়ে জীবপ্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। রোগ নিরাময়, কৃষি উৎপাদন বৃদ্ধিসহ নানা কাজে জীবপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দারিদ্র্য দূর করা, খাদ্য উৎপাদন ও পুষ্টির নিশ্চয়তা দিতে ভূমিকা রাখছে জীবপ্রযুক্তি।সচিব জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ‘জাতীয় জীবপ্রযুক্তি নীতি ২০১২’-এর খসড়া তৈরি করেছে। মন্ত্রিসভায় অনুমোদনের আগে এই নীতি কারিগরি কমিটি ও জাতীয় নির্বাহী কমিটি পরীক্ষা-নিরীক্ষা করেছে। নীতিতে কৃষি, চিকিৎসা, পুষ্টি, খাদ্য, শিল্প উৎপাদন এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নীতি বাস্তবায়নে অর্থায়ন কীভাবে হবে তা বলা হয়েছে। এতে গবেষণা ফলাফল বাজারজাতকরণ, মেধাস্বত্ব সংরক্ষণ, সরকারি-বেসরকরি অংশীদারি, আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এই নীতি বাস্তবায়নে প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে টাস্কফোর্স। প্রধানমন্ত্রী টাক্সফোর্সের প্রধান। এরপর আছে জাতীয় নির্বাহী কমিটি, মন্ত্রিপরিষদ সচিব এই কমিটির প্রধান। তারপর আছে কারিগরি কমিটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এর প্রধান।গতকাল দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক বসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করেন।মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংরক্ষিত ও প্রাকৃতিক বন থেকে গাছ কাটা ২০১৫ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত আংশিক শিথিল করার প্রস্তাব রাখা হয় মন্ত্রিসভায়। জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ওই এলাকার পাঁচ হাজার ৬৯৬টি শালগাছ কাটার প্রয়োজন। সচিব বলেন, এই সড়ক প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এসব গাছ কাটার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে মন্ত্রিসভা বলেছে, সমসংখ্যক বা তার বেশি গছে উপযোগী জায়গায় লাগাতে হবে।