পাঁচগাঁওয়ে লাল দুর্গা হাজারো ভক্তের ঢল
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে ব্যতিক্রমী রঙের দেবী দুর্গার পূজা চলছে। এখানে দেবী প্রতিমার রং লাল। গত মঙ্গলবার ছিল দুর্গাপূজার মহা সপ্তমী। সেদিনই ওই পূজামণ্ডপের দিকে নামে হাজারো পুণ্যার্থীর ঢল।
এ উপলক্ষে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসেছে। নানা জাতের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। এর মধ্যে আছে খই, মোয়া-মুড়ি, বাতাসা, জিলাপি, গোল্লা, বাঁশি, বেলুন, ঝুমঝুমি প্রভৃতি।
পাঁচগাঁও দুর্গাপূজার পরিচালক সঞ্জয় দাস প্রথম আলোকে বলেন, মূলত এটি তাঁদের পারিবারিক পূজা। বংশপরম্পরায় প্রায় ৩০০ বছর ধরে তাঁদের বাড়ির মণ্ডপে এই লাল দুর্গার পূজা চলে আসছে। শুধু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে প্রতিমা নির্মাণ করে পূজা করতে পারেননি। সে বছর ঘটপূজা করা হয়েছিল। এ ছাড়া অন্য কোনো বছর ছেদ পড়েনি। লাল রঙের প্রতিমা প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের এক পূর্বপুরুষ আদিষ্ট হয়ে দুর্গাপ্রতিমার রং লাল করেন। সেই থেকে চলে আসছে। আর ব্যতিক্রম হয়নি। ভক্তদের বিশ্বাস, পাঁচগাঁও দুর্গাবাড়ির প্রতিমায় স্বয়ং দেবী অধিষ্ঠান করেন। এই প্রতিমা জাগ্রত। এই দেবীর কাছে বর চাইলে, বর পাওয়া যায়।
সঞ্জয় দাস বলেন, প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার মানুষ আসা-যাওয়া করেন পূজার সময়। প্রতিবছর এখানে লোকসমাগম বেড়েই চলেছে। তাদের সামাল দিতে মাঝেমধ্যে হিমশিম খেতে হয়। এরপরও এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই চলছে সবকিছু। স্থানীয় প্রশাসনও সার্বিক সহযোগিতা দিচ্ছে। এখানে হিন্দুধর্মাবলম্বীরা তাদের অনেক রকমের মানত নিয়ে ছুটে আসছেন। কেউ হোম যজ্ঞ দিচ্ছেন, কেউ প্রদীপ ও আগরবাতি জ্বালাচ্ছেন। কেউবা দেবেন পশু বলি। এবারের পুজোয় মঙ্গলবার পর্যন্ত ৬৮৫টি পাঁঠা, ছয়টি মহিষ বলির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া অগণিত হাঁস ও মোরগ তালিকা ছাড়াই বলি দেওয়া হবে।
প্রতিমা দেখতে আসা অজয় দেবরায় নামের একজন বলেন, এই পূজামণ্ডপের বিশেষত্ব হলো, এই লাল রঙের দুর্গাপ্রতিমা। এমনটি দেশের আর কোথাও হয় না। এ জন্য এখানে এত মানুষ আসে।
একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাঁচগাঁও এখন উৎসবের গ্রাম হয়ে উঠেছে। এখানে হিন্দুধর্মাবলম্বীরা আসে ভক্তি আর মানত নিয়ে। আসেন অন্য ধর্মের লোকজনও। পাঁচগাঁও হয়ে উঠেছে ধর্মবর্ণ-নির্বিশেষে সবার মিলনকেন্দ্র। মঙ্গলবার সকাল থেকে নারী, শিশুসহ অনেক ভক্তের দল আসতে থাকে এই মণ্ডপে। প্রতিমা দর্শনের আনন্দে অনেকে হাঁটার ক্লান্তি ভুলে যায়। মধ্যরাত পর্যন্ত সচল থাকে পুণ্যার্থীদের স্রোত। পূজার কদিন এই অবস্থা চলবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, সারা জেলায় ৮৮৪টি মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে ৭৮৭টি সর্বজনীন ও ৯৭টি ব্যক্তিগত। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন চলছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বলেন, ‘আমাদের সার্বিক প্রস্তুতি আছে। প্রতিটি পূজামণ্ডপে আনসার মোতায়েন আছে। বিশেষ গুরুত্বপূর্ণ মণ্ডপে রয়েছে পুলিশ। আছে ভ্রাম্যমাণ দল। আমিও বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছি। এখন পর্যন্ত খারাপ কিছু ঘটেনি। আশা করছি, সবকিছু শান্তিপূর্ণভাবেই শেষ হবে।’