হাসপাতালটিতে চিকিৎসা কর্মকর্তা আছেন পাঁচজন। কিন্তু গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁদের একজনও হাসপাতালে উপস্থিত ছিলেন না। এ চিত্র খাগড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। খোঁজ নিয়ে জানা যায়, পাঁচজন চিকিৎসা কর্মকর্তার তিনজনই আছেন প্রশিক্ষণে।
গতকাল দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, ১০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী চিকিৎসা কর্মকর্তাদের কক্ষের সামনে রোগীদের ভিড়। সে সময় স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ছাড়া কোনো চিকিৎসা কর্মকর্তা হাসপাতালে ছিলেন না।
দুপুর ১২টা পর্যন্ত ১১০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কবাখালী এলাকার মুক্তার আলী (৭৯) বলেন, ‘সকাল থেকে বড় ডাক্তারের জন্য অপেক্ষা করে শেষে অনেক কষ্টে ছোট ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। একটি উপজেলা হাসপাতালে একজনও বড় ডাক্তার নেই এটা কেমন কথা?’
জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দীপংকর ধর, বহির্বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা সুগত চাকমা ও রাশেদুল আলম জানান, সকাল থেকে রোগীদের অনেক ভিড়। হাসপাতালে আসা রোগীদের তাঁরাই চিকিৎসা দিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের অন্তর্বিভাগে গিয়ে জানা যায়, গতকাল ৯ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১১ জন চিকিৎসাধীন আছে।
হাচিনসনপুর এলাকার শামীমা আক্তার বলেন, ‘আট মাস বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু এখনো কোনো বড় ডাক্তার আমার ছেলেকে দেখেননি।’
খাগড়াছড়ির সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউর রহমান খান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অনুতোষ চাকমা ও চিকিৎসা কর্মকর্তা ইউসুফ আলী প্রশিক্ষণে আছেন। চিকিৎসা কর্মকর্তা (দন্ত) নিউটন চাকমা বুধবার সরকারি কাজে হাসপাতালের বাইরে ছিলেন। আর স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ শামীমা হোসেন খান সপ্তাহে কেবল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।