
থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে আংশিক ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের নিখোঁজ ছয় নাবিকের সন্ধান গতকাল রোববার চতুর্থ দিনেও মেলেনি। গতকাল দিনভর তাঁদের সন্ধানে আন্দামান সাগরে থাইল্যান্ডের নৌবাহিনী অভিযান চালায়। দুর্ঘটনার প্রথম দিন গত বৃহস্পতিবার উদ্ধার হওয়া পাঁচ নাবিক গতকাল রাত পৌনে নয়টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছেন।জাহাজের মালিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে উদ্ধার অভিযান শেষ করার কথা থাকলেও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অনুরোধে দিনভর অভিযান পরিচালনা করে থাইল্যান্ডের নৌবাহিনী। বড় আকারের উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এখন ছোট আকারে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। এ জন্য স্থানীয় নৌযান ও দুর্ঘটনাস্থলের আশপাশে চলাচলরত জাহাজে বেতারবার্তা পাঠানো হচ্ছে। বেতারবার্তায় নিখোঁজ ছয় নাবিকের খোঁজ পাওয়া গেলে বিষয়টি উদ্ধার অভিযান তদারককারী দলকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।এদিকে এমভি হোপের প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিনের (৫২) মরদেহ দেশে ফেরত আনা নিয়ে তাঁর স্বজনেরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সাইফুদ্দিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবিও জানিয়েছেন তাঁরা। তিনি নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর মা, স্ত্রী-সন্তান ও স্বজনেরা নাওয়া-খাওয়া ছেড়ে কান্না করছেন।গতকাল সকালে গঙ্গাধরপট্টি এলাকার ৫/৯, বি ব্লকের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে বিলাপ করছেন সাইফুদ্দিনের মা কাজী রোকেয়া বেগম (৮০)। স্ত্রী জিনাত সাইফুদ্দিন যেন কান্নার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। দুই মেয়ে কাজী তাছমিয়া (১৬) ও কাজী তাজরিয়ান (১১) বারবার মূর্ছা যাচ্ছে। ছোট্ট ছেলে কাজী শামস সালেহীন (৫) যেন বুঝতে পারছে না তার বাবা না ফেরার দেশে চলে গেছে। মেয়ে তাছমিয়ার একটাই দাবি, ‘আমার বাবাকে এনে দাও, আমি শুধু বাবাকে চাই।’এ ছাড়া গতকাল রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছেন বৃহস্পতিবার উদ্ধার হওয়া পাঁচ নাবিক। আজ সকাল ১০টায় তাঁদেরকে তীরে নিয়ে আসা হবে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা এমভি বাক্সমুন নামের একটি বাতিল (স্ক্র্যাপ) জাহাজের নাবিকেরা তাঁদের উদ্ধার করেছেন। এমভি হোপ জাহাজের মালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলোকে জানান, বন্দরের বহির্নোঙরে ফেরার পর আজ সোমবার সকালে পাঁচ নাবিককে তীরে নিয়ে আসার কথা। এই পাঁচজন হলেন জাহাজের চতুর্থ প্রকৌশলী আবদুল হাকিম, ডেক ক্যাডেট মোখলেছুর রজমান, নাবিক মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান ও সাইফুল ইসলাম। জীবিত উদ্ধার হওয়া অপর চার নাবিক থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। তাঁরা হলেন জাহাজের দ্বিতীয় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, ডেক ক্যাডেট রায়েক ফাইরুজ, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান ও নাবিক আবু বকর সিদ্দিক। আর দুই নাবিকের মৃতদেহ শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান।