পাঁচজনই চান কাঁচি প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালনা পৌরসভা নির্বাচনে সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রার্থীর মধ্যে পাঁচজন কাঁচি প্রতীক চেয়ে আবেদন করেছেন।
পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হাসিনা বেগম বলেন, ‘ফ্রক ও পুতুল এবং গ্যাসের চুলা ও হারমোনিয়াম ব্যালটে একই রকম দেখাচ্ছে। বয়স্ক ভোটাররা ভোট দিতে গিয়ে প্রতীকগুলো গুলিয়ে ফেলতে পারেন। কাঁচি প্রতীকটি বেশ স্পষ্ট, তাই আমরা এই প্রতীকের জন্য আবেদন করেছি।’ এই ওয়ার্ডের নির্বাচনী লড়াইয়ে থাকা অপর প্রার্থী নাছিমা বেগমও একই কারণে কাঁচি প্রতীক চেয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা গেছে, পাঁচজন কাঁচি, দুজন আঙুর, একজন করে মৌমাছি ও ভ্যানিটি ব্যাগ চেয়েছেন।
১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন চারজন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর কনিকা রানী বৈরাগী, সুফলা মণ্ডল, আরতি রায় ও আমোদিনী রায়। তাঁদের মধ্যে প্রথম দুজন কাঁচি প্রতীক চেয়েছেন। আমোদিনী আঙুর ও আরতি মৌমাছি প্রতীক চেয়েছেন।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মাঠে আছেন তিনজন। তাঁরা হলেন রেহানা খানম, বিউটি সাহা (রায়) ও মঞ্জু রানী ধর। এর মধ্যে মঞ্জু কাঁচি, বিউটি ভ্যানিটি ব্যাগ এবং রেহানা আঙুর প্রতীক চেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে বলেন, নির্বাচনী নীতিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।