পাঁচজনকে অজ্ঞান করে টাকা নিয়ে চম্পট
একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান করে টাকা ও অলংকার নিয়ে পালিয়ে গেছে গৃহকর্মী পরিচয় দানকারী এক নারী প্রতারক। গতকাল রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রহিমা খাতুন নামে এক নারী ধানমন্ডির ৯/এ, সড়কের ১৭ নম্বরের বাসিন্দা নেহাল হোসেনের (৬০) বাসায় গৃহকর্মী হিসেবে গতকালই যোগ দেয়। দুপুরে সে বাসার সবার জন্য খাবার তৈরি করে। এ খাবার খেয়ে নেহাল, তাঁর মা ফখরুননেসা (৯৪), নাতি আরিফ জামান (৭), জামিন (৫) এবং বাসার আরেক গৃহকর্মী মনোয়ারা বেগম (৪০) অচেতন হয়ে পড়েন। সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ফ্ল্যাটের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে সবাইকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে গ্রীন রোডের ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। ধানমন্ডি থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহকর্মী পরিচয়দানকারী নারী পালিয়ে গেছে।