পাঁচজনকে আটকের পর সই নিয়ে ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তি থেকে গতকাল মঙ্গলবার পাঁচজনকে আটকের পর ছেড়ে দিয়েছে মিরপুর থানার পুলিশ। বস্তির লোকজনের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বস্তি উচ্ছেদের চেষ্টা চলছে। এর জন্য চাপ দিতে পাঁচ বস্তিবাসীকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ।
বস্তির বাসিন্দা শাহ আলম বলেন, গতকাল দুপুরে মিরপুর থানার একদল পুলিশ এসে আলোচনার নাম করে পাঁচ বস্তিবাসীকে ধরে নিয়ে যায়। তাঁরা হলেন: আজহার, ইস্কান্দার, ফিরোজ, নুরুল ইসলাম ও কুলসুম।
বস্তিবাসী জানিয়েছেন, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে ২০০৩ সালে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র, দুজন বস্তিবাসী ও আরেকটি সংস্থা মিলে যৌথভাবে হাইকোর্টে একটি রিট করেছিল। আদালত তখন বস্তি উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই রিটের প্রক্রিয়ায় ২০০৭ সালে মামলা শেষ না হওয়া পর্যন্ত উচ্ছেদের ওপর স্থগিতাদেশ দেন আদালত। সেই মামলা এখনো বহাল রয়েছে। গতকাল পুলিশ বস্তিবাসীকে অন্যত্র সরে যাওয়ার জন্য দুই দিনের সময় দিয়ে গেছে।
আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নুরুল প্রথম আলোকে বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গায় বস্তিটি গড়ে উঠেছিল। এখানে এখন প্রায় ২০ হাজার মানুষ বাস করে। সে সময় সরকার এই বস্তি উচ্ছেদের চেষ্টা করলে রিটটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালতের দেওয়া স্থগিতাদেশ এখনো বলবৎ রয়েছে। এর মধ্যেই পুলিশ এসে বস্তিবাসীকে ধরে নিয়ে গেছে। পরে রাতে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, বস্তি উচ্ছেদের একটা বিষয় আছে। সেখানে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রায় দেড় শ একর জায়গা রয়েছে। তবে তাঁদের (পাঁচজনকে) অন্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল।