পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর লেলিয়ে এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র গতকাল মঙ্গলবার আদালতে দাখিল করা হয়েছে। আজ বুধবার মামলাটির পূর্বনির্ধারিত শুনানির দিনে তা আদালতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে মামলাটির এজাহারভুক্ত পাঁচ আসামিকে অভিযুক্ত করা হয়েছে। এঁরা হলেন: ব্যবসায়ী শাহ সেলিম ওরফে টিপু, তাঁর ছেলে জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ, শাহদাত হোসেন, শাওন ও ডেনি। এর মধ্যে শাহ সেলিম ও তাঁর ছেলে জুনায়েদ উচ্চ আদালতের আদেশে আট সপ্তাহের জামিনে রয়েছেন। পুলিশ কেবল শাহদাত হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি দুই আসামি পলাতক রয়েছেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আসামিরা সবাই হত্যাকাণ্ডের পেছনে কমবেশি জড়িত। আমরা সেভাবে অভিযোগপত্র দিয়েছি।’পুলিশ সূত্র জানায়, অভিযোগপত্রে হিমাদ্রীর ওপর বিদেশি কুকুর লেলিয়ে দেওয়ার বিষয়টির বর্ণনা রয়েছে। এ ঘটনায় কারা কীভাবে জড়িত, তা বিস্তারিত উল্লেখ রয়েছে। এজাহারের বর্ণনার সঙ্গে অভিযোগপত্রের তেমন অমিল নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন বলেন, পুলিশের অভিযোগপত্রটি আদালতে এসেছে। বুধবার (আজ) মামলাটির পূর্বনির্ধারিত শুনানির দিন রয়েছে। ওই দিন তা আদালতে উঠতে পারে। এর আগে গত সপ্তাহে পুলিশ মামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সাক্ষ্য স্মারক (এমই) জমা দেয়। সেখান থেকে অনুমোদনের পর তা আদালতে প্রেরণ করা হয়। প্রসঙ্গত, নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদারকে গত ২৭ এপ্রিল তুলে নিয়ে প্রধান আসামি শাহ সেলিমের বাড়িতে আটকে রাখা হয়। সেখানে তার ওপর জার্মানির তিনটি হিংস্র প্রজাতির কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাকে ধাক্কা দিয়ে পাঁচতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে রাতে হিমাদ্রী মারা যায়। এ ঘটনায় শাহ সেলিম টিপু, তাঁর পুত্র জুনায়েদ আহমেদ রিয়াদসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন হিমাদ্রীর মামা অসিত কুমার।