পাঁচজনকে আসামি করে খুলনায় দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার প্রায় ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন খানজাহান আলী থানায় মামলাটি করেন।
মামলায় খুলনা নগরের খানজাহান আলী থানার মিরেরডাঙা এলাকার সোনালি জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন, সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও বর্তমানে প্রধান কার্যালয়ের জিএম নেপাল চন্দ্র সাহা, শাখার সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান, জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা শেখ তৈয়াবুর রহমান ও সাবেক ডিজিএম সমীর কুমার দেবনাথকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, এমদাদুল কয়েক দফায় ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নেন। কিন্তু তিনি মালামাল না কিনে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এই টাকা আত্মসাৎ করেন। এতে ব্যাংকের ক্ষতি হয়েছে ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকা।
দুদক সূত্র জানায়, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সোনালি জুট মিলস লিমিটেড উত্তরা ব্যাংক লিমিটেড খুলনা শাখায় ঋণখেলাপি হয়ে থাকা অবস্থায় এস এম এমদাদুল হোসেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর তাঁর প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ মঞ্জুরের আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের একটি কমিটি ২০১০ সালের জানুয়ারিতে সরেজমিনে পরিদর্শন করেন। তাঁরা প্রতিষ্ঠানের অনুকূলে শর্তসাপেক্ষ চলতি মূলধন বাবদ ২০ কোটি টাকা ঋণসীমার মঞ্জুরিপত্র দেন। করপোরেট শাখার সাবেক ডিজিএম নেপাল চন্দ্র সাহা শর্ত ভেঙে খুলনা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পাদন না করে ঋণের টাকা দেন।
মোহা. মোশাররফ হোসেন বলেন, ঋণগ্রহীতা অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে টাকা নিয়েছেন। তিনি ঋণের বিপরীতে কোনো মালামাল না কিনে টাকা আত্মসাৎ করেছেন। দুদক মামলাটি তদন্তের ব্যবস্থা করবে। তদন্তকালে অভিযোগের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।