চট্টগ্রাম নগরে নওগাঁর অতিরিক্তি জেলা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের (৪৭) মৃত্যুর ঘটনায় গতকাল বুধবার হালিশহর থানায় হত্যা মামলা করেছে পুলিশ। এতে তিন নারীসহ পাঁচজনকে আসামি করা হয়। এঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিয়া বাদী হয়ে গতকাল বিকেলে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন: বিচারকের স্ত্রী দাবিদার ও নগরের হালিশহর মোল্লাপাড়ার বাসিন্দা সানজিদা আক্তার, তাঁর মা লাকী আক্তার, বাবা নাছির উদ্দিন, ভাই ইমরান ও গৃহপরিচারিকা রিমা আক্তার। সানজিদা ও লাকীকে গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়। ইমরান ও রিমাকে একই দিন রাতে মোল্লাপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই মুকুল মিয়া জানান, প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। সুরতহাল প্রতিবেদনে লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বিচারকের পরিবারের লোকজন নওগাঁ ও ঢাকায় অবস্থান করায় মামলা করতে পারেননি। পুলিশ বাদী হয়ে হত্যা ও হত্যার ঘটনা গোপন করার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ৩০২/২০১ ও ৩৪ ধারায় মামলা করেছে।
মামলায় অভিযোগ করা হয়, পূর্বপরিচয়ের সূত্র ধরে বিচারক সাঈদ নগরের হালিশহরের মোল্লাপাড়ায় সানজিদার বাসায় যান। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মাথায় আঘাত করে এবং গলায় রশি পেঁচিয়ে পরিকল্পিতভাবে তাঁকে খুন করেন আসামিরা। এ ছাড়া হত্যার ঘটনাটিকে ধামাচাপা দিতে তাঁরা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এদিকে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, চার আসামির বিরুদ্ধে গতকাল চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার এসআই অলিউল্লাহ। শুনানি শেষে হাকিম নওরীন আক্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগরের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানজিদা ও লাকী দাবি করেন, হালিশহরের বাসায় স্ত্রী দাবিদার সানজিদা আক্তারের সঙ্গে বিচারকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিচারক নিজের মাথায় আঘাত করে দরজা বন্ধ করে কক্ষে বসে থাকেন। দীর্ঘক্ষণ পর দরজা ভেঙে তাঁরা দেখতে পান, কক্ষে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর লাশ ঝুলে আছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁরা।
এদিকে গতকাল বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিচারকের জানাজা হয়। এতে আদালতের বিচারক এবং আইনজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। জানাজায় অংশ নেওয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, বিচারকের লাশ জানাজা শেষে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে বনানী কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।
নগরের হালিশহর মোল্লাপাড়া এলাকার একটি বাসা থেকে বিচারক সাঈদকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সানজিদা ও লাকী। তাঁরা দাবি করেন, বিচারক আত্মহত্যা করেছেন। সন্দেহ হওয়ায় সানজিদা ও লাকীকে পুলিশ আটক করে।