পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে র‌্যাব সদস্য পরিচয়ে তিন ব্যক্তিকে ছয় লাখ টাকাসহ অপহরণ করে পালানোর সময় গণপিটুনির শিকার হয়েছেন ছিনতাইকারী দলের পাঁচ সদস্য।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলার বেগমগঞ্জের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। এ সময় তাঁদের কাছ থেকে র‌্যাবের পোশাক, হ্যান্ডকাপ ও ছিনতাই করা পাঁচ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। উত্তেজিত জনতা এ সময় ছিনতাইকারীদের ব্যবহূত মাইক্রোবাস ভাঙচুর করেন।

আটক করা ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুরের মো. রফিক, বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা সেনা সদস্য আল-আমিন (সৈনিক নং ৪০৫০৩২৩, ২৮ বেঙ্গল, চট্টগ্রাম), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধুখালীর আহম্মদ হোসেন, নোয়াখালীর সোনাইমুড়ীর আংলিপাড়া গ্রামের মো. খোকন ও সদর উপজেলার পূর্ব লক্ষ্মীনারায়ণপুরের মো. আউয়াল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক মাইজদীকোট শাখা থেকে নুরুল আমিন, নুরুজ্জামান মাঝি ও জাহাঙ্গীর আলম নামের তিন ব্যক্তি (ইটভাটার মাঝি) ছয় লাখ টাকা উত্তোলন করে সোনাপুরগামী সুগন্ধা সুপার নামের একটি বাসে ওঠেন।

এরপর বাসটি জেলা শহরের দত্তবাড়ি নামক স্থানে যাওয়ামাত্র একটি মাইক্রোবাস বাসটির সামনে এসে থামে। মুহূর্তের মধ্যে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি র‌্যাব সদস্য পরিচয়ে বাসে উঠে উল্লিখিত তিন ব্যক্তিকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে অস্ত্রের মুখে তাঁদের কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেন।

বিকেল পৌনে তিনটার দিকে মাইক্রোবাসটি বেগমগঞ্জের আলীপুর এলাকায় ঢুকে পড়লে ভেতর থেকে অপহূত ব্যক্তিরা চিৎকার দেন। এতে আশপাশের লোকজনের সন্দেহ হলে তাঁরা মাইক্রোবাসটিকে ঘেরাও করে পাঁচজনকে ধরে গণপিটুনি দিলে তাঁরা ছিনতাইয়ের কথা স্বীকার করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, জনতার হাতে আটক এক সেনা সদস্যসহ পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।