পাঁচজনকে চিহ্নিত করে পুলিশের প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের কিছু অংশ ভরাট করে অবৈধ বালুর ব্যবসা করার ঘটনায় পাঁচজনকে চিহ্নিত করে লিখিত প্রতিবেদন দিয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। গত শুক্রবার জেলার ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সামছুর রহমানের কাছে এই প্রতিবেদন দাখিল করা হয়। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল প্রথম আলোর শেষের পাতায় ‘শীতলক্ষ্যার তীর ভরাট করে অবৈধ বালু ব্যবসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা ছিল, নারায়ণগঞ্জ শহরের খানপুরে বরফকল খেয়াঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরের প্রায় ১৫ হাজার বর্গফুট এলাকায় হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে প্রভাবশালী একজন সাংসদের লোকজন বালু ফেলে ভরাট করে সেখানে অবৈধ বালুর ব্যবসা করছেন।এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর কবির জানান, প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর ৪ মে বিআইডব্লিউটিএ অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে।ওই অভিযোগের পর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক তালুকদার সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শহরের খানপুর এলাকার মো. বাশার, ৫২/২ খানপুর মেইন রোড এলাকার মো. নূরে আলম, ৬০/২ খানপুর মেইন রোড এলাকার মো. রুমান মিয়া, ১০৩ ঈশা খাঁ রোড এলাকার মো. মোমেন হোসেন ও ৩২/২ উত্তর চাষাঢ়া এলাকার আতাউর রহমান শীতলক্ষ্যা নদীর তীর দখল করে বালু ভরাট করে সেখানে অবৈধভাবে বালু ওঠানো-নামানোর ব্যবসা করে আসছেন। নদীর তীর দখলমুক্ত রাখার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে সেখানে জরুরি ভিত্তিতে উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন। অভিযোগ উঠেছে পুলিশের প্রতিবেদনে নদীর তীরে দখল করা ভূমিতে অবৈধ বালু ব্যবসা যাঁরা দেখাশোনা করেন, শুধু তাঁদের কয়েকজনের নাম এসেছে। নেপথ্যের প্রভাবশালী লোকজনের নাম আসেনি। প্রভাবশালী সাংসদ জড়িত থাকায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএর কোনো কর্মকর্তাই শীতলক্ষ্যা নদী দখলদারদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সামছুর রহমান প্রথম আলোকে জানান, শীতলক্ষ্যা নদী দখলসংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের তাঁদের স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের নোটিশ দেওয়া হয়েছে। নইলে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় শহরের বরফকল খেয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর তীরে পাঁচ-ছয়টি বালুবাহী বাল্কহেড নোঙর করে আছে। শ্রমিকেরা বালুবাহী বাল্কহেড থেকে বালু নামিয়ে নদীর তীরে স্তূপ করে রাখছেন। আরেক দল শ্রমিক নদীতে স্তূপ করে রাখা বালু ট্রাক ও কাভার্ড ভ্যানে তুলে দিচ্ছেন। পরে বালুভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। স্থানীয় লোকজন জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বালু ওঠানো-নামানোর ব্যবসা অব্যাহত থাকে।