পাঁচজনকে জখম করে লাখ টাকা ছিনতাই
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে চার ফেরিওয়ালা গুরুতর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা ফেরিওয়ালাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এদিকে গত বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে কুপিয়ে অর্ধলক্ষাধিক টাকা নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মতলব দক্ষিণ থানা পুলিশের বর্ণনা অনুযায়ী, গতকাল ভোর পাঁচটার দিকে উপজেলার কলাদী এলাকার রুবেল মিয়া ও মানিক মিয়া নামের দুই ছিনতাইকারী কচি-কাঁচা প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে যায়। সেখানে ঘুমন্ত ফেরিওয়ালাদের জাগিয়ে টাকা চায় তারা। একপর্যায়ে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে ছুরি, চাপাতি ও কিরিচ দিয়ে ফেরিওয়ালাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ফেরিওয়ালা কাদের মিয়া, মো. মোস্তফা, মো. খোকন ও মো. ইশরাত গুরুতর জখম হন। এ সময় ছিনতাইকারীরা ফেরিওয়ালাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আহত চার ফেরিওয়ালাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ফেরিওয়ালাদের পাল্টা আঘাতে রুবেল আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় রুবেল ও মানিককে আসামি করে ফেরিওয়ালা হামিদুল মিয়া মামলা করেছেন।
দাউদকান্দি থানার পুলিশ জানায়, উপজেলার আঙ্গাউড়ার একটি এনজিওর সহকারী কর্মসূচি সংগঠক সফিকুল ইসলাম জিয়ারকান্দি এলাকা থেকে ঋণের কিস্তি বাবদ প্রায় ৫৩ হাজার টাকা তুলে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্মস্থলে ফিরছিলেন। পথে ছান্দ্রা কবরস্থান এলাকায় ছিনতাইকারীরা সফিকুলকে চাপাতি দিয়ে কুপিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী ইমরান হোসেন ও হেলাল উদ্দিন নামের দুই ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। সফিকুলকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সফিকুলের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়।
থানার ওসি আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।