পাঁচজনকে জরিমানা দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পল্লী বিদ্যুতের মিটারে কারসাজির মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে গতকাল বুধবার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলার মোগড় খাল এলাকার আনোয়ার হোসেন ও শরীফপুর এলাকার আইনুদ্দিন ব্যাপারী।জেলার বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার দিনব্যাপী পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রাত সাড়ে নয়টার দিকে আদালত পাঁচ ব্যক্তিকে আট লাখ ৫২ হাজার ১৯৩ টাকা জরিমানা করেন। তাঁদের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করায় ওই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান, গোপন সংবাদে খবর পেয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও গাজীপুরের নির্বাহী হাকিম নাহিদা পারভীন গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান।মিটারে কারসাজির মাধ্যমে বিদ্যুৎ চুরি করায় গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকার মো. সামাদ আলীকে ৯১ হাজার ৭৮৫ টাকা, রওশন সড়ক এলাকার ফজলুল হককে এক লাখ ১২ হাজার ১০৭ টাকা, মোগড় খাল এলাকার আনোয়ার হোসেনকে দুই লাখ ১৩ হাজার ৭১৩, শরীফপুর এলাকার আইনুদ্দিন ব্যাপারীকে তিন লাখ ৬৩ হাজার ১২৩ টাকা ও ভোগড়া এলাকার বারেক মোল্লাকে ৭১ হাজার ৪৬৫ টাকা জরিমানা করা হয়। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) খালেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।