পাঁচজনকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষায় অবদান রাখা পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী সরদার ফজলুল করিম, একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক সালাহউদ্দিন আহমেদ ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক রংগলাল সেন। বাকি দুজন হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক (চিকিৎসক) শাহেলা খাতুন।গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করে। সবাইকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় অধ্যাপকেরা তাঁদের ইচ্ছানুযায়ী কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করতে পারবেন। তবে যে ক্ষেত্রে কাজ করবেন, তা শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবহিত করতে হবে। আর জাতীয় অধ্যাপক হিসেবে তাঁরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সম্মানী ভাতা গ্রহণ করবেন। উল্লেখ্য, এর আগের চারজন জাতীয় অধ্যাপকের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ জানুয়ারি।