দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গঠিত রেলওয়ের পাকশী ডিভিশন-২-এর মাঠপর্যায়ের তদন্ত কমিটি গত শুক্রবার প্রতিবেদন দাখিল করেছে। বরখাস্ত হওয়া চারজনের সঙ্গে পয়েন্টসম্যান ইউনুস আলীকে দায়ী করে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের গঠিত বিভাগীয় তদন্ত কমিটি এবং জেলা প্রশাসনের তদন্ত কমিটি তদন্তকাজ শেষ করতে পারেনি। তবে শিগগিরই ওই দুটি কমিটিও চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এদিকে শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যদের কাছে আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টেশনমাস্টার বাদাম-বুট বিক্রেতাদের দিয়ে সিগন্যালসহ অন্যান্য কাজ করান। ট্রেনের চালক ও স্টেশনমাস্টারের দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনাটি ঘটে। দোষী ব্যক্তিদের শাস্তি ও আহত ট্রেনযাত্রীদের রেলওয়ের কল্যাণ তহবিল থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা।
ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (পাকশী) রফিকুল ইসলাম গতকাল শনিবার দুপুরে বলেন, ট্রেন দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে রেলওয়ে বিভাগের কিছু নিয়মনীতি রয়েছে। আহত ব্যক্তিরা প্রমাণপত্র ও চিকিৎসকের সনদ নিয়ে যোগাযোগ করলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোররাতে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ও ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে উভয় ট্রেনের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন। দুটি ট্রেনের চারটি বগি লাইন থেকে উল্টে দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল হামিদ, একতা ট্রেনের চালক আবদুল করিম, সহকারী চালক শরিফুল ইসলাম ও গার্ড আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।