পাঁচজনকে ‘নারী অনন্যা’ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি-সংস্কৃতি-পরিবেশ রক্ষাসহ সমাজসেবায় নিয়োজিত সিলেটের পাঁচজন নারীকে ‘নারী অনন্যা’ সম্মাননা দিয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন কমিটি। গতকাল সোমবার এ দিবস উপলক্ষে বিকেলে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে গ্রামীণ নারীদের স্ব-স্ব পেশার ভূমিকা, জলবায়ু অভিযোজন ও প্রশমনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে এ দিবস উদ্যাপন করা হয়। সম্মাননা পাওয়া নারীরা হচ্ছেন: সিলেটের লোকসংস্কৃতিশিল্পী চন্দ্রাবতী রায় বর্মণ, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষক সিলেটের পাখিবাড়িখ্যাত ছালিয়া গ্রামের আনোয়ারা বেগম, শিক্ষাক্ষেত্রে জকিগঞ্জ উপজেলার নূর মোহাম্মদ নেহার খানম, তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে আদিবাসী পাত্র সম্প্রদায়ের অনিতা পাত্র ও নিরাপদ মাতৃত্বে ভূমিকা রাখায় সিলেটের একটি বস্তির বাসিন্দা ‘দাইমা’ মোছাম্মাৎ লুৎফা বেগম। তাঁদের উত্তরীয় পরিয়ে ‘নারী অনন্যা’ সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। গ্রামীণ নারী দিবস উদ্যাপন কমিটির সভানেত্রী হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ইব্রাহিম খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম।