পাঁচজনের অবস্থা গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হাজারী গলি এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে নগরের হাজারী গলি এলাকার মোহাম্মদীয়া মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত তুলসী সেনের অলংকার তৈরির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় গুরুতর আহত তুলসী সেন (৫০) ও চরণ বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তুলসী সেনের স্ত্রী শিখা সেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বুধবার রাত ১০টা ১৭ মিনিটের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মো. এস খালেদ প্রথম আলোকে বলেন, ‘হাজারী গলির আগুনের ঘটনায় আহত হয়ে ১১ জন আমাদের ইউনিটে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্য আটজনকে রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
মো. এস খালেদ জানান, চিকিৎসাধীন তিনজনের মধ্যে রাজীব বণিকের (৪০) শরীরের বিভিন্ন অংশে প্রায় ৩১ শতাংশ, জনি ধরের (৩০) ৪৫ শতাংশ এবং যদু দাশের (৫৫) ২১ শতাংশ পুড়ে গেছে।