পাঁচজনের এক প্রতিশ্রুতি আগে করবেন পৌর ভবন
২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৩ সালে সখীপুর পৌরসভার ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই টাকার প্রথম কিস্তি ২০ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে আট বছর ধরে। এদিকে পৌর ভবনের কাজে অগ্রগতি জানতে চেয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে বারবার তাগাদাপত্র দিলেও পৌর মেয়র জমি নির্ধারণ হয়নি বলে তাগাদাপত্রের উত্তর লিখেই চলছেন। তার পরও আগামী ১৭ জানুয়ারি সখীপুর পৌরসভার দ্বিতীয় নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীই বিজয়ী হলে প্রথমেই পৌর ভবন নির্মাণ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। সখীপুর পৌরসভার সচিব কামরুল ইসলাম জানান, ২০০৩ সালে পৌর ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির ২০ লাখ টাকা ব্যাংকে অলস পড়ে আছে। ওই টাকার সুদ বেড়ে প্রায় ২২ লাখ টাকা হয়েছে। এদিকে পৌরসভার নিজস্ব ভবন না থাকায় গজারিয়া ইউনিয়নের কৃষি বীজাগারের পরিত্যক্ত ভবনে গত ১০ বছর ধরে পৌরসভার কার্যক্রম চলছে। ২৪ জন কর্মকর্তা-কর্মচারী গাদাগাদি করে অফিস করছেন। এ ছাড়া মেয়র ও কাউন্সিলর মিলে রয়েছেন ১২ জন। একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেয়রের গাফিলতির কারণে গত সাড়ে আট বছরেও পৌর ভবন নির্মিত হয়নি। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী পরিত্যক্ত বীজাগার ভবনটি ছেড়ে দেওয়ার জন্য পৌরসভার মেয়রকে একাধিক চিঠি দিয়েছেন বলে তিনি জানান। আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়র প্রার্থী আবু হানিফ আজাদ বলেন, আমার প্রথম কাজ হবে পৌর ভবন নির্মাণ ও নাগরিক সুবিধা বাড়ানো। বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী খলিলুর রহমান বলেন, ১০ বছর ধরে প্রতিষ্ঠিত পৌরসভা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন করব। কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও কলেজশিক্ষক মীর জুলফিকার শামীম বলেন, আমার প্রথম কাজ হবে পৌর ভবন নির্মাণ ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোসহ রাস্তাঘাটের উন্নয়ন করা। ওই সময় ৮৫ লাখ টাকায় ভবন নির্মাণে যে কাজ করা যেত, বর্তমানে ওই কাজ করতে আগের বরাদ্দের তিন গুণ টাকা লাগবে। সখীপুর পৌরসভার বর্তমান মেয়র সানোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা নির্ধারিত না হওয়ার কারণেই মূলত পৌর ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে আমার কোনো গাফিলতি ছিল না।