পাঁচজনের কারাদণ্ড ছয়জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাদক সেবন ও ব্যবসা করার দায়ে পাঁচজনকে কারাদণ্ড ও ছয়জনকে জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল করিমের নেতৃত্বে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের খামার এলাকার রোকসানা ওরফে ডিসকো ভাবির বাড়ি ও আলমনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কার্যালয় সূত্র জানায়, জাকারিয়া সুলতান, সুমন রায়, বায়েজীদ হোসেন, পারুল আক্তার ওরফে রুবিনা, জসিম উদ্দিন—এই পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে রুমন মিয়া, স্বপন কুমার ও মানু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জিনিয়া, শীলা মণি ও আশা নামের তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের সবার বাড়ি রংপুর শহরের খামার ও আলমনগর এলাকায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কার্যালয়ের উপপরিদর্শক আনোয়ারুল হাবিব প্রথম আলোকে বলেন, মাদক সেবনের দায়ে যাঁদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। আর অন্যদের জরিমানার টাকা প্রদানের পর ছেড়ে দেওয়া হয়েছে।