কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় পুলিশকে হামলার ঘটনায় গ্রেপ্তার সাত যুবকের মধ্যে পাঁচজনের জামিন শুনানি নাকচ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় মামলার অন্য দুই আসামির একজন কিশোরগঞ্জ কারাগারে বন্দী সন্দেহভাজন জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমের ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছেন একই আদালত।
কিশোরগঞ্জের এক নম্বর আমলি আদালতে গতকাল বুধবার দুপুরে পাঁচ আসামির পক্ষে আইনজীবী সানোয়ার হোসেন ও কামরুল ইসলাম জামিন শুনানির আবেদন করলে মুখ্য বিচারিক হাকিম মো. আ. ছালাম খান তা নাকচ করে দেন। তিনি আসামিদের বিষয়ে তদন্ত সাপেক্ষে সব তথ্য পাওয়ার পর জামিন আবেদন করতে বলেন।
পাঁচ আসামি হলেন শোলাকিয়া গরুরহাট এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে মো. মামুনুর রশিদ, শহরের বয়লা এলাকার মো. আবদুল হাইয়ের ছেলে মোহাম্মদ সানাউল্লাহ, তারাপাশা এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম হাসিব, বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকার মো. শামসুদ্দিনের ছেলে মো. সোহেল মিয়া এবং ভৈরব উপজেলার পঞ্চবটী এলাকার মৃত আবদুল জলিলের ছেলে তারা মিয়া।
১২ জুলাই তাঁদের আদালতে হাজির করে জামিন চাইলে একই আদালত জামিন আবেদন না মঞ্জুর করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, শোলাকিয়া হামলার ঘটনায় ওই পাঁচজনকে ঘটনার দিন ও রাতে ঘটনাস্থলের আশপাশ থেকে আটক করা হয়।
এদিকে শোলাকিয়া জঙ্গি হামলার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মুর্শেদ জামান গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমের ডিএনএ পরীক্ষার অনুমতি দিতে গতকাল বিকেলে কিশোরগঞ্জ এক নম্বর আমলি আদালতে আবেদন করেন। এরপর জাহিদুলের ডিএনএ পরীক্ষার আদেশ দেন হাকিম মো. আ. ছালাম খান।
তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, হামলাস্থলের রক্ত, রক্তমাখা কাপড় ও জব্দ করা অন্যান্য জিনিসের আলামতের সঙ্গে জাহিদুলের ডিএনএ ল্যাবে পাঠানো হবে পরীক্ষা করার জন্য। তিনি আরও বলেন, ঘটনার দিন পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন জঙ্গি আবির রহমানেরও ডিএনএ নমুনা রাখা হয়েছে।
গ্রেপ্তার শফিউল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের হেফাজতে চিকিৎসাধীন।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে তল্লাশিচৌকিতে ৭ জুলাই ঈদের দিন পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা।