পাঁচজনের তিন বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে মারধরের অভিযোগে করা মামলায় পাঁচজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের এক হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম শাহজাহান কবীর এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রানা চক্রবর্তী আদালতে উপস্থিত ছিলেন। অন্য চারজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাঁরা হলেন মো. রাজু, মো. জুয়েল, হযরত আলী ও সাজ্জাদ হোসেন। বেকসুর খালাস দেওয়া হয় ছয়জনকে।

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দায়িত্ব পালনকালে কারারক্ষী জলিল মোল্লাকে আটকে রেখে মারধর করেন বন্দীরা। এই ঘটনায় কারাধ্যক্ষ মাহাবুবুল আলম বাদী হয়ে ওই দিন রাতে কোতোয়ালি থানায় ১১ বন্দীর বিরুদ্ধে মামলা করেন। সরকারি কৌঁসুলি প্রদীপ কুমার দত্ত বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষী শেষে আদালত পাঁচজনকে কারাদণ্ড ও ছয়জনকে বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জসীম উদ্দিন, গিয়াস উদ্দিন, জানে আলম, মিঠু হোসেন, তোফায়েল আহমেদ ও শেখ মোহাম্মদ।