পাঁচজনের ফাঁসি, যাবজ্জীবন একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ব্যবসায়ী মো. আবু সাঈদ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক গতকাল রোববার দুপুরে এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার শাহাদত আলীর ছেলে মো. ইয়াকুব আলী (৩৫), একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. হান্নান (৩৬), চান মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৬), বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩৩) ও মো. বেদন মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩৩)। এ ছাড়া এ মামলার অপর আসামি মো. মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ধীরাশ্রমের মো. বাচ্চু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি দেলোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হুমায়ুন কবীর, মো. লাবীব উদ্দিন ও সালেহ উদ্দিন রিপন।
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ বলেন, শত্রুতার জেরে ধীরাশ্রমের মাটি সরবরাহের ঠিকাদার মো. আবু সাঈদকে (৪২) ২০০৮ সালের ১৭ জুন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন আসামিরা। পরে পাশের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে তাঁর লাশ ফেলে রাখা হয়। ১৮ জুন এ ঘটনায় একই এলাকার ইয়াকুব, দেলোয়ার, মাসুদ, হান্নান এবং অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন নিহত আবু সাঈদের বাবা মো. নুরুল ইসলাম।
পিপি হারিছ উদ্দিন আহমদ আরও বলেন, তদন্ত শেষে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম। দীর্ঘ শুনানি ও ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল দুপুরে আদালত এ রায় দিলেন।