পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এক কর্মচারীর ছেলে খোরশেদ আলম হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন অপর সাতজন।
ঢাকার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিন গতকাল বুধবার এই মামলার রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় ১৬ বছর পর মামলাটির রায় হলো। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা সবাই মিটফোর্ড হাসপাতালের কর্মচারী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন দুলাল ওরফে আনু, বিল্লাল, শরিফ মাহমুদ, আমজাদ ও ওয়ালী উল্লাহ। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন সুমন, সালাউদ্দিন ও জাবেদ মিয়া। এই তিন আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত। জরিমানায় ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রাষ্ট্রপক্ষ বাকি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি আনু ও বিল্লাল আদালতে উপস্থিত ছিলেন। এ দুজনই জামিনে ছিলেন। গতকাল তাঁদের জামিন বাতিল করে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রায়ে বলা হয়, পলাতক আসামিরা গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে তাঁদের বিরুদ্ধে রায় কার্যকর হবে। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক।
১৯৯৯ সালের ২২ মে মিটফোর্ড হাসপাতালের কর্মচারী সমিতির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে খোরশেদ আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন আসামিরা। পরে খোরশেদকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মিটফোর্ড হাসপাতাল কর্মচারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কর্মচারীদের দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এই বিরোধের জের ধরেই খোরশেদকে হত্যা করা হয়।
খোরশেদ হত্যার ঘটনায় সিদ্দিকুর কোতোয়ালি থানায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। থানার পুলিশ তদন্ত শেষে ২০০০ সালের ১০ জানুয়ারি ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করে। ২০০১ সালের ৫ জুলাই আদালত ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।