পাঁচজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক্‌-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে নেত্রকোনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার মনি জান্নাত (২৯), পল্লব খান ঠাকুর (২৮), সজীব রায় (২৯) ও জহিরুল ইসলাম (২৭) এবং কেন্দুয়ার জাকির হোসেন (৩৫)।

জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, পাবলিক পরীক্ষা-সংক্রান্ত অপরাধ আইনে তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে। জেলার ১০টি উপজেলায় গতকাল ১৭ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকির হোসেন প্রাক্‌-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। পুলিশ শহরের আনন্দ বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নূর-এ-আলম রাত সাড়ে ১০টার দিকে জাকিরকে কারাদণ্ড দেন।

গতকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার কক্ষে মুঠোফোনে কথা বলার অপরাধে নেত্রকোনা সরকারি কলেজ কেন্দ্র থেকে মনি জান্নাত নামের এক পরীক্ষার্থীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই দিন হিরণপুর কেন্দ্রে মুঠোফোনে ফেসবুক ও খুদে বার্তার মাধ্যমে প্রশ্নের উত্তর আদান-প্রদান করার দায়ে পল্লব খান ঠাকুর, সজীব রায় ও জহিরুল ইসলাম নামের তিন পরীক্ষার্থীকে ১৫ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী হাকিম আবদুর রহিম এ আদালত পরিচালনা করেন।