পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আতিকুল ইসলাম ওরফে শাকিল (৩০) হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে পুলিশ। গত ২৭ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরা সুলতানার আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়।
অভিযোগপত্রে যে পাঁচজনের নাম রয়েছে তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের ‘প্রয়াস’ মাদক নিরাময়কেন্দ্রের মালিক ও পরিচালক দেওয়ান এমনুন (৩৬), রুবেল মিয়া (৩৮), কামরুজ্জামান ওরফে কামরুল হাসান (৩৭), পাপ্পু ভট্টাচার্য (৩৮) ও রাজীব খান (৩৪)।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রয়াস ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় অবস্থিত। আতিকুল মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা ২০১৪ সালের ৩ আগস্ট ওই নিরাময়কেন্দ্রে তাঁকে ভর্তি করেন। ৯ আগস্ট আতিকুলকে বাড়ি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে বলে নিরাময়কেন্দ্র থেকে জানানো হয়। কিন্তু ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মামলার দুই নম্বর আসামি শহরের কান্দিপাড়া এলাকার রুবেল মিয়া ও তিন নম্বর আসামি ফুলবাড়িয়া এলাকার কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বারান্দায় আতিকুলের লাশ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় ১০ আগস্ট আতিকুলের মা রহিমা বেগম বাদী হয়ে মাদক নিরাময়কেন্দ্রের পাঁচ মালিক ও পরিচালককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বলেন, ৩০৪-এর ক ধারায় (অবহেলাজনিত মৃত্যু) অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মামলার বাদী আতিকুলের মা রহিমা বেগম বলেন, ‘আমাদের দৃষ্টিতে মামলার মূল অভিযুক্ত দেওয়ান এমনুন ও রুবেল। অথচ অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে হালকা করে অভিযোগ আনা হয়েছে। এই কারণে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির আবেদন করা হবে।’