পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ খুনের ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) পরিদর্শক কাজল কান্তি চৌধুরী গতকাল আদালতে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিরা হলেন সানজিদা আক্তার, সানজিদার মা লাকী আক্তার, বাবা নাছির উদ্দিন, ভাই মোহাম্মদ ইমরান ও গৃহপরিচারিকা রীমা আক্তার। তাঁদের মধ্যে ইমরান কারাগারে আছেন।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, মামলার পরবর্তী তারিখে অভিযোগপত্রের ওপর শুনানি হবে।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর হালিশহর থানার মোল্লাপাড়া এলাকার একটি বাড়িতে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের মাথায় আঘাত করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই সময় পুলিশ হাসপাতাল থেকে সানজিদা ও তাঁর মা লাকী আক্তারকে গ্রেপ্তার করে। পরদিন ১৭ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে হালিশহর থানায় হত্যা মামলা হয়।
সিআইডির পরিদর্শক কাজল কান্তি চৌধুরী জানান, এই হত্যাকাণ্ডের পর থেকে সানজিদার বাবা নাছির উদ্দিন পলাতক। সানজিদাসহ তিন নারী জামিনে আছেন।