ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে সন্ন্যাসিনীকে ধর্ষণ ও ডাকাতি মামলায় গত সোমবার আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশি বলে পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে।
পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নদীয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই অভিযোগপত্র দাখিল করে। সিআইডির বিশেষ সুপার চিরন্তন নাগের বরাত দিয়ে ভারতের দৈনিক দ্য হিন্দু জানায়, পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি ও অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। খবরে বলা হয়, অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক।
এ ঘটনায় পুলিশ আরও অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করে সম্পূরক অভিযোগপত্র দিতে পারে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১৩ মার্চ গভীর রাতে একদল দুর্বৃত্ত রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরি স্কুলে ঢুকে ১২ লাখ রুপি লুট করে। এ ছাড়া তারা স্কুলের ৭১ বছর বয়সী সন্ন্যাসিনীকে ধর্ষণ করে। ওই ঘটনায় পুলিশ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে গোপাল সরকার, মুম্বাই থেকে সালিম শেখ, বনগাঁ রেলস্টেশন থেকে খালেদুর রহমান ওরফে ফারুককে গ্রেপ্তার করা হয়। এরপর শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় মিলন সরকার ও ওহিদুল ইসলাম ওরফে বাবুকে। সর্বশেষ গত সপ্তাহে শিয়ালদহ থেকে গ্রেপ্তার হন নজরুল ইসলাম।