পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় স্কুলছাত্রী গণধর্ষণের মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মধুপুর থানার ওসি মজিবর রহমান গত বৃহস্পতিবার টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দেন। ওসি মজিবর রহমান জানান, আসামিরা গণধর্ষণের কথা স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনেও গণধর্ষণের কথা উল্লেখ রয়েছে। তদন্তে পাঁচ আসামি বিথী আক্তার, শাহজাহান আলী, এস এম নুরুজ্জামান, হারুন অর রশিদ ও মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো। আসামিরা জেলহাজতে আছেন। আগামী ১০ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।প্রায় সাড়ে চার মাস তদন্ত শেষে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হলো। মামলার অভিযোগে জানা যায়, গত ডিসেম্বরে সদর উপজেলার ওই স্কুলছাত্রীকে তার এক বান্ধবী ভিডিওচিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে মধুপুরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে কয়েকজন তাকে ধর্ষণ করে। তিন দিন পর মেয়েটি সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে যায়। লোকলজ্জার ভয়ে মেয়েটির পরিবার ঘটনা চেপে রাখে। পরে অসুস্থ অবস্থায় তাকে টাঙ্গাইল হাসপাতালে নেওয়া হলে গণধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে এ ঘটনায় তার ভাই মামলা করেন। এই গণধর্ষণের প্রতিবাদ ও আসামিদের উপযুক্ত বিচারের দাবিতে দেশ-বিদেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা সমন্বয়কারী আতাউর রহমান খান বলেন, ‘ওই স্কুলছাত্রীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। আসামিদের অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আমরা চাই ওই স্কুলছাত্রী যেন ন্যায়বিচার পায়।’