একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে গতকাল সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকালই তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদেশ দেন। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
রাষ্ট্রপক্ষ বলেছে, যে পাঁচজনের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন নোয়াখালীর মো. আমির আহমেদ ওরফে আমির আলী, মো. আবুল কালাম, মো. ইউসুফ, জয়নাল আবদীন ও মো. আবদুল কুদ্দুস।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ ইমাম প্রথম আলোকে বলেন, এই প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলো। গতকাল একই সঙ্গে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
জাহিদ ইমাম বলেন, ওই পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।
প্রথম আলোর নোয়াখালী অফিস জানায়, ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দুপুরে আমির আহমেদ (৭২) এবং সন্ধ্যায় জয়নাল আবদিনকে (৭০) গ্রেপ্তার করে নোয়াখালীর সুধারাম থানার পুলিশ। শহরের দক্ষিণ ফকিরপুরের বাড়ি থেকে আমির আহমেদকে এবং সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাড়ি থেকে জয়নাল আবদিনকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মোহাম্মদ হাছান বলেন, আমির আহমেদকে ও জয়নাল আবদিনকে আপাতত সুধারাম থানায় রাখা হয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের নিজ বাড়ি থেকে রাতে মো. ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ।