পাঁচজনের বিরুদ্ধে মামলা একজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্টের সঙ্গে নুড়ি পাথর মিশিয়ে টিএসপি; লবণের সঙ্গে ইটের গুঁড়ো ও ইউরিয়া সার মিশিয়ে এমওপি তৈরি করে তা কৃষকদের মধ্যে ভর্তুকির সার হিসেবে বিতরণ করা হচ্ছিল। এর আগে এভাবে ভেজাল মিশিয়ে বাজারজাতও করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার আবদুস সালাম মণ্ডলের নির্দেশে এসব করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রাজশাহীর বাগমারায় ভেজাল সার তৈরির সময় আটক হওয়া ব্যক্তিরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভর্তুকির সার বিতরণের আগে থেকে তাঁরা এসব কাজ করে আসছিলেন বলে তথ্য দিয়েছেন। পুলিশ ভেজাল তৈরির উপকরণও জব্দ করেছে।গতকাল শনিবার গ্রেপ্তারকৃত কৃষি কার্যালয়ের এমএলএসএস আতাউর রহমান, দুর্গাপুরের আবদুল হাকিম ও পুঠিয়ার রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর, ডিলার আবদুস সালাম মণ্ডলসহ গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারকৃত এমএলএসএস আতাউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে বরখাস্তের জন্য সুপারিশ করে গতকাল খামারবাড়িতে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহসীন আলী মিয়া।গত শুক্রবার দুপুরে উপজেলার তাহেরপুরের একটি গুদামে পুলিশ ভর্তুকির সারে ভেজাল মেশানোর সময় তিনজনকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল সার, ভেজালের উপকরণ ও যন্ত্রপাতি জব্দ করে পুলিশ। পরে গুদাম সিলগালা করে দেওয়া হয়।