মানব পাচারের অভিযোগে কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে এ মামলা হয়। পুলিশ ওই সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদারপাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নুরুল আলমসহ পাঁচজন নয় মাস আগে একই এলাকার চার যুবককে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য টেকনাফ নিয়ে যায়। পরে মোহাম্মদ কাসেম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ জোবাইর নামের ওই চার যুবককে টেকনাফ থেকে নৌকায় তুলে দেওয়া হয়। থাইল্যান্ডে নিয়ে মানব পাচারকারীরা ওই চার যুবককে আটকে রেখে পরিবারের কাছে জনপ্রতি ১ লাখ ৮৫ হাজার টাকা করে দাবি করে। টাকা দিতে অসম্মতি জানালে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। এ ছাড়া তাঁদের হত্যার হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত মানব পাচারকারীদের দাবি করা টাকা দেওয়া হলেও ওই চার যুবকের আর খোঁজ মেলেনি।
রোববার রাতে নিখোঁজ কাসেমের বাবা পুতুন আলী নুরুল আলম, তাঁর স্ত্রী দিলুয়ারা বেগম এবং আবুল কাসেম, দানু মিয়া ও মোহাম্মদ রহিমকে আসামি করে মামলা করেন।
পুতুন আলী বলেন, ‘মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা করায় তাঁদের লোকজন আমাকে হুমকি-ধমকি দিচ্ছে।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নুরুল আলমকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।