চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় রায়খালী খালে গতকাল বৃহস্পতিবার নৌকা ডুবে পাঁচজন মারা গেছেন। এ ঘটনায় আরও কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে।নৌকাডুবির ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন: মো. ইমরান আহমেদ (২৬), মোহাম্মদ মাসুদ (২১), মো. নয়ন (৩৫), আবুল কাশেম (৫০) ও রহমত আলী (২২)। তাঁদের মধ্যে প্রথম চারজন ঘটনাস্থলে মারা যান। রহমত আলী নামের এক ব্যক্তিকে উদ্ধার করে বোয়ালখালী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান। তাঁরা সবাই এফএমসি নামের একটি জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার (ডকইয়ার্ড) শ্রমিক।আবুল কাশেম ও রহমত আলীর বাড়ি বোয়ালখালীতে। ইমরানের বাড়ি চট্টগ্রাম নগরের খুলশী মুরগির ফার্ম এলাকায়। আর নয়ন ও মাসুদের বাড়ি নেত্রকোনায়। নৌকাডুবির পর দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এফএমসি নামের ওই ডকইয়ার্ডের বিপরীত পাশে রায়খালী খালের পূর্বপারে শ্রমিকদের খাওয়ার মেস। কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, দুপুরে শ্রমিকেরা খাবার খেতে মেসে যাওয়ার জন্য এমভি এফএমসি-৪ নামের একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন।ডকইয়ার্ডের নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা তাড়াহুড়ো করে নৌকার একপাশে উঠে পড়েন। এরপর একজন শ্রমিক নোঙর তুলে দেন। এ সময় নৌকাটি দুলতে থাকে। একপর্যায়ে নৌকাটি একপাশে কাত হয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় ৩৫ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রশস্ত নৌকায় ৪০-৫০ জন শ্রমিক ওঠেন।জানতে চাইলে এফএমসি ডকইয়ার্ডের তত্ত্বাবধায়ক হামিদুল ইসলাম বলেন, ইঞ্জিনচালিত এ নৌকাটি দিয়ে শহর ও ডকইয়ার্ডের মধ্যে পাঁচ থেকে ছয়জন কর্মকর্তা আসা-যাওয়া করেন। তিনি বলেন, নৌকা চালুর আগেই সেটি উল্টে যায়। তাঁর দাবি, নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটি উল্টে যাওয়ার পর বেশির ভাগ লোক বেরিয়ে সাঁতরে তীরে চলে আসেন। স্থানীয় লোকজন খালে ডুব দিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। বিকেল চারটায় নৌবাহিনীর ডুবুরিরা নৌকাটি কেটে ভেতর থেকে একজনের লাশ বের করেন। স্থানীয় লোকজন বলেন, আরও কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন।ডুবুরি দলের প্রধান কমান্ডার মাসুদ বলেন, তাঁদের ঘাঁটি থেকে দুর্ঘটনাস্থল মাত্র ১০ মিনিটের পথ। তাঁর দাবি, তাঁদের জানানো হয়েছে দুর্ঘটনার তিন ঘণ্টা পর। নৌকাটি কোনোভাবেই যাত্রী পারাপারের উপযোগী নয়।স্থানীয় যুবক নুরুল আমিনের অভিযোগ, উল্টে যাওয়া নৌকায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে শুরু থেকেই ডকইয়ার্ডের কর্তৃপক্ষ উদাসীনতা দেখায়। এ জন্য তাৎক্ষণিকভাবে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করা যায়নি।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাই ও খালে স্রোত থাকায় নৌকাটি ডুবে যায়। তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।