পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে তাঁর গাড়িচালকসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন গাড়িচালক হুমায়ুন কবির, বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, রাজু মুন্সি ও মো. রাসেল। তাঁদের মধ্যে রাজু মুন্সি ও রাসেল পলাতক রয়েছেন। সাত বছর কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মো. সবুজ খান। রায় ঘোষণার আগে কারাগারে আটক চারজনকে আদালতে হাজির করা হয়। আফতাব আহমেদের পরিবার ও রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আসামিরা টাকাপয়সা পাওয়ার মোহে প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেন। আফতাব আহমেদ জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ ফটো সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ও পরে অসংখ্য দুর্লভ ছবি ধারণ করেছেন। ফটোগ্রাফিতে বিশেষ অবদানের স্বীকৃতস্বরূপ ২০০৬ সালে তিনি একুশে পদকপ্রাপ্ত হয়ে বিরল সম্মানে ভূষিত হয়েছিলেন। তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে, টাকাপয়সার মোহে তাঁর গাড়িচালকসহ অন্যরা প্রথমে ডাকাতি করেন এবং পরে নির্মমভাবে হত্যা করেন। আসামিদের প্রতি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।
রায়ে বলা হয়, আদালত মনে করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ ধরনের ডাকাতিসহ খুনের মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তাই পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। অপর আসামি সবুজ খান নাবালক হওয়ায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে সবুজ খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হলো। অনাদায়ে তাকে আরও এক বছর সাজা খাটতে হবে। রায় ঘোষণার পর কারাগারে আটক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পরে আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
১৯৬৪ সালে ইত্তেফাক-এ যোগ দিয়েছিলেন আফতাব আহমেদ। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরার নিজ বাসায় খুন হন তিনি। পরদিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। চারতলা ওই বাড়ির তৃতীয় তলার বাসায় তিনি একাই থাকতেন। এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে র্যা ব মো. হুমায়ুন কবিরসহ ছয়জনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ মার্চ অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২০ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে।