পাঁচজনের মৃত্যুদণ্ড ও ১৭ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সিরাজুল হক হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের জাকারিয়া সাবু (৪০), আলীউজ্জামান (৩৮), শাহাদাত হোসেন (৪২), হেমায়েত উদ্দিন (৩৯) ও শাহজাহান (৪০)। তাঁদের মধ্যে জাকারিয়া সাবু ও শাহজাহান পলাতক।

যাবজ্জীবন দণ্ডাদেশ পেয়েছেন একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের কায়কোবাদ, মোজাফ্ফার হোসেন, ফায়েক, পারভেজ, মোশারাফ হোসেন, লুথু মোল্লা, ইমারত হোসেন, হাসান, শাহ আলম, লায়েক, সেলিম, ফটু মোল্লা, ফারুক মুন্সী, রহমত মুন্সী, ফারহান মুন্সী, বায়োজিদ ও ফারুক মুন্সী। এর মধ্যে হাসান পলাতক রয়েছেন। ১০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাসান, ফজু ও শাহ আলম। তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৬ অক্টোবর পূর্বশত্রুতার জেরে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ব্যবসায়ী সিরাজুর হক খুন হন। ওই দিন স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে তিনি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে তাঁকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজুরের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মাহে আলম ২০০১ সালে ৩৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সাক্ষীদের বক্তব্য ও জবানবন্দি পরীক্ষা-নিরীক্ষা ও দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল দণ্ডাদেশ ঘোষণা করেন। তা ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) মো. শহীদুজ্জামান বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।