পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া হত্যাকাণ্ডে সহায়তা ও জড়িত থাকায় দুই গৃহকর্মীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার গতকাল বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হলেন নিহত তাহেরের গাড়িচালক নাসির, তাঁর সহযোগী রাসেল তালুকদার, রুস্তম, আমির হোসেন ও সোহেল রানা। এ ছাড়া আসামি নুর আলম ও মাসুদ মিয়াকে ১০ বছর করে এবং দুই গৃহকর্মী সেলিনা ও নুরজাহানকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রুস্তম পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন। রায় ঘোষণার পর আদালত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৫ সালের ১ মার্চ আবু তাহেরকে রামপুরায় তাঁর নিজ বাসায় হত্যা করা হয়। আসামিরা গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে আলমারি খুলে স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা লুটে নেন। আসামিরা যাওয়ার সময় তাহেরের ডান হাতের কবজির রগ কেটে দেন, বাঁ পায়েও জখম করেন। পরে আবু তাহেরকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে এ টি এম আরিফুল হক রামপুরা থানায় এ মামলা করেন।
রায়ে বলা হয়, আসামিরা বাসায় ঢুকে স্বর্ণালংকার ও টাকা ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় হাতের রগ কেটে দেন। এ মামলায় গ্রেপ্তার সাত আসামি হত্যাকাণ্ডের বর্ণনা করে জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করেছে। তাতে দেখা যায়, আসামি নাসির ছিলেন আবু তাহেরের গাড়ির চালক। ওই বাসার গৃহকর্মী সেলিনা ও নুরজাহান। আসামি নাসির তাঁর সহযোগী রুস্তম, আমির হোসেন, সোহেল রানা, নুর আলম ও মাসুদ মিয়া পরস্পর যোগসাজশে হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনায় সহায়তা করেন দুই গৃহকর্মী। আসামিরা পূর্বপরিকল্পনা করে তাহেরের বাসায় ডাকাতি করতে যান। পরে তাঁকে হত্যাও করেন। রাষ্ট্রপক্ষ পাঁচ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁদের মৃত্যদণ্ড দেন আদালত। বাকি চার আসামিকে হত্যাকাণ্ডে সহায়তা ও জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আদালত সূত্র বলেছে, রায় ঘোষণার সময় নিহত কর কমিশনারের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন। এই রায়ে তাঁরা সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেন। ২০১৬ সালের ৬ জানুয়ারি এই মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ৪৩ জনকে সাক্ষী করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ মার্চ দিন ধার্য করা হয়েছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান।