যশোরের ঝিকরগাছায় রিয়াদুল ইসলাম নামের এক শিশুকে অপহরণ ও হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণে জড়িত থাকায় অন্য চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রব হাওলাদার গতকাল রোববার এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার রাউজানি গ্রামের জাহিদ হাসান, মহসিন রেজা, মামুন চৌধুরী, মো. রুবেল ও মো. সোহাগ। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন একই এলাকার ইকবাল হোসেন, রাশিদা বেগম, আবুল কাশেম ওরফে কাসু ও হযরত আলী। এঁদের মধ্যে মহসিন রেজা শাহীন, মামুন চৌধুরী, আবুল কাশেম ওরফে কাসু ও হযরত আলী পলাতক রয়েছেন। মামলার অভিযোগপত্রভুক্ত অন্য তিন আসামির বিচার যশোর কিশোর আদালতে চলমান রয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, ২০১৩ সালের ২০ নভেম্বর বিকেলে ঝিকরগাছার রাউজানি গ্রামের রাস্তা থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র শিশু রিয়াদুল ইসলামকে অপহরণ করা হয়। পরদিন তার বাবা মিজানুর রহমানের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। নানা দেনদরবার শেষে তিন লাখ টাকায় রফা হয়। মিজানুর রহমান আট হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধও করেন। কিন্তু ২৩ নভেম্বর সকালে রাউজানি গ্রামের নতুন খালের পাশে ঝোপের ভেতরে রিয়াদুলের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ২৪ নভেম্বর মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় যশোর জেলা গোয়েন্দা পুলিশকে। ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কবির হোসেন ১২ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অপহরণ ও মুক্তিপণ আদায় এবং অপহরণকারীদের দেখে ফেলাকে অভিযোগপত্রে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালের ৫ এপ্রিল মামলাটি খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এখানে নয় আসামির বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযোগপত্রে আরিফুল, মতিয়ার ও ফয়সাল নামের তিন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচারের জন্য যশোর কিশোর আদালতে স্থানান্তর করা হয়।