কিশোরগঞ্জে পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম গতকাল সোমবার শেষ হয়েছে। যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই পাঁচজন হলেন শামসুদ্দিন আহমেদ (৬০) ও তাঁর ভাই নাসির উদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। এঁদের মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন। বাকি চারজন পলাতক।
বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।
গতকাল এই মামলার কার্যক্রমের চূড়ান্ত দিনে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ও রেজিয়া সুলতানা। তাঁরা শামসুদ্দিনসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আরজি জানান। শামসুদ্দিনের পক্ষে আইনজীবী মাসুদ রানা খালাসের আরজি জানান। পলাতক বাকি চারজন আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।
গত বছরের ১৩ মে কিশোরগঞ্জের দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।